রাজনীতি
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিএনপি নেতা রাশেদ খাঁনের সাক্ষাৎ
২৬ বাংলা টিভি 07-Jun-2026 29
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিএনপি নেতা রাশেদ খাঁনের সাক্ষাৎ
ডেস্ক রিপোর্ট:
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিএনপি নেতা রাশেদ খাঁনের সাম্প্রতিক সাক্ষাৎকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে। বুধবার (৩ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে দেখা করার পর থেকেই বিএনপির বিভিন্ন পর্যায়ে গুঞ্জন ছড়িয়েছে, আসন্ন মন্ত্রিসভা পুনর্গঠনে প্রতিমন্ত্রীর দায়িত্ব পেতে পারেন তরুণ এই রাজনীতিক। এছাড়াও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতা আবদুল গাফ্ফার জিসানের একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সেই আলোচনা আরও জোরালো হয়েছে।
দলীয় ও সরকারি সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমান মন্ত্রিসভায় কিছু পরিবর্তন আনার বিষয়ে ভাবছেন। একই সঙ্গে নতুন কয়েকটি মুখও যুক্ত হতে পারে সরকারের দায়িত্বশীল পদে। সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, যেসব মন্ত্রণালয়ে কাজের চাপ তুলনামূলক বেশি, সেখানে দায়িত্ব বণ্টন সহজ করতে নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী নিয়োগের বিষয়টি বিবেচনায় রয়েছে।
বর্তমানে প্রধানমন্ত্রী ছাড়াও মন্ত্রিসভায় ২৫ জন পূর্ণমন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করছেন। অর্থ, বাণিজ্য, শিক্ষা ও পরিবহনের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে একাধিক দায়িত্ব ও কাজের চাপ থাকায় প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে মন্ত্রিসভার পরিধি বাড়ানোর চিন্তাভাবনা চলছে বলে জানা গেছে। অতীতে ২০০১ সালে বিএনপি নেতৃত্বাধীন সরকারও প্রয়োজনের ভিত্তিতে মন্ত্রিসভার সদস্য সংখ্যা ৬০ জনে উন্নীত করেছিল।
news@26banglatv.com