Logo
শুক্রবার | ২৮ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রাজশাহী বগুড়া

উন্নয়নের ছোঁয়াছুঁইহীন শেরপুরের আরংশাইল সড়ক: ক্ষোভে রাস্তায় ধান চাষ!

২৬ বাংলা টিভি   13-Jul-2026   85

Photo

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: স্বাধীনতার এতগুলো বছর পেরিয়ে গেলেও সড়ক সংস্কারের ছোঁয়া লাগেনি বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের আরংশাইল গ্রামে। দীর্ঘদিন ধরে চরম অবহেলিত ও খানাখন্দে ভরা ১ কিলোমিটার কাঁচা রাস্তায় এক হাঁটু কাদা-পানি জমে তা এখন যাতায়াতের সম্পূর্ণ অনুপযোগী। চরম উদাসীনতা ও জনপ্রতিনিধিদের দফায় দফায় দেওয়া মিথ্যা আশ্বাসের প্রতিবাদে শেষমেশ ক্ষুব্ধ এলাকাবাসী সড়কের মাঝেই ধানের চারা রোপণ করে এক ব্যতিক্রমী ও অভিনব প্রতিবাদ জানিয়েছেন।

সোমবার (১৩ জুলাই) সরেজমিনে আরংশাইল গ্রামে গিয়ে দেখা যায় এক বিভীষিকাময় চিত্র। আরংশাইল থেকে রাজারদীঘি পর্যন্ত ১ কিলোমিটার এবং মালতাগাড়ি থেকে শুরু করে রাজবাড়ী মুকুন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত প্রায় এক কিলোমিটার কাঁচা রাস্তাটি বর্তমানে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। ব্রিটিশ আমল থেকে ব্যবহৃত এই সড়কটি দিয়ে প্রতিদিন আরংশাইল, মাকরখোলা, রাজারদীঘিসহ প্রায় ৭টি গ্রামের ৫ সহস্রাধিক মানুষ চলাচল করেন। বর্ষা মৌসুম আসতেই পুরো সড়কটি যেন একেকটি মরণফাঁদে পরিণত হয়েছে। পিচ্ছিল ও হাঁটু সমান কাদার এই পথ দিয়ে যাতায়াত করা এখন স্থানীয়দের জন্য এক নিত্যদিনের যুদ্ধ। রাস্তার এমন বেহাল দশার কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে স্কুল-কলেজগামী কোমলমতি শিক্ষার্থীরা এবং সাধারণ কৃষকেরা। এলাকার শিক্ষক জাহের আলী এবং স্থানীয় বাসিন্দা হাসান, হুমায়ুন, সাইফুল, রাজ্জাক, নুর ইসলাম ও লতিফ তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন: এই রাস্তা দিয়ে প্রতিদিন শত শত শিক্ষার্থী ও কৃষিজ পণ্যবাহী যানবাহন চলাচল করে। কিন্তু রাস্তার অবস্থা এতই শোচনীয় যে, কাদা-পানিতে পিছলে পড়ে অনেক সময় শিক্ষার্থীরা সময়মতো স্কুলেই পৌঁছাতে পারে না। সবচেয়ে বড় বিপদে পড়তে হয় মুমূর্ষু রোগীদের নিয়ে। কোনো জরুরি এ্যামবুলেন্স বা যানবাহন এই গ্রামে ঢুকতে চায় না। রোগীকে হাসপাতালে নিতে জান বের হয়ে যায়।

একই গ্রামের এক প্রবীণ বাসিন্দা বিশার উদ্দিন তার দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ উগরে দিয়ে বলেন, আমি ছোটবেলা থেকেই এই রাস্তাটা এইরকমই দেখে আসছি। স্বাধীনতার পর বহু সরকার এলো, বহু সরকার গেল, কিন্তু আমাদের এই রাস্তার ভাগ্য বদলাল না। আমরা কি দেশের নাগরিক নই? আমরা এই নরকযাতনা থেকে চিরতরে মুক্তি চাই।

স্থানীয়দের অভিযোগ, কাঁচা সড়কটি পাকাকরণের জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে বছরের পর বছর ধরে একাধিকবার দাবি ও অভিযোগ জানানো হলেও, তারা কেবল ‘আশ্বাসের বাণী’ শুনিয়েছেন; বাস্তবে কোনো কার্যকর পদক্ষেপ নেননি।

এ বিষয়ে জানতে চাইলে মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম বলেন, রাস্তার দুরবস্থার বিষয়টি আমার জানা আছে। ইতোমধ্যে উপজেলা প্রশাসনের সঙ্গে এ নিয়ে কথা বলেছি এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি।

অন্যদিকে, শেরপুর উপজেলা প্রকৌশলী আব্দুল মজিদ জানান, আরংশাইল গ্রামের ওই রাস্তাটি আমাদের দপ্তরের তালিকাভুক্ত রয়েছে। বাজেট বরাদ্দ সাপেক্ষে পর্যায়ক্রমে এটি সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। বাজেট বরাদ্দের আমলাতান্ত্রিক অজুহাতে আর কতদিন ৫ হাজার মানুষকে এই দুর্ভোগ পোহাতে হবে এমন প্রশ্ন এখন আরংশাইলবাসীর। অবিলম্বে সড়কটি পাকাকরণ করে যাতায়াতের উপযোগী করার জন্য এবং এই জনপদকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করতে ঊর্ধ্বতন মহলের ও জেলা প্রশাসনের জরুরি ও সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।


news@26banglatv.com


Photo

পঞ্চগড় বোদায় কওমি মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার

পঞ্চগড় প্রতিনিধি :পঞ্চগড়ের বোদায় কওমি মাদ্রাসার এক শিক্ষার্থীকে...

Photo

খালেদা জিয়ার অসুস্থতার খবরে মোদির উদ্বেগ, প্রয়োজনীয় সহায়তায় প্রস্তুত ভারত

আন্তর্জাতিক ডেস্কঃবাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

Photo

প্রায় ৮ ঘণ্টা আগুনে পুড়ল ফিলিপাইনের বিশাল ঘনবসতিপূর্ণ এলাকা

ফিলিপাইনের রাজধানীতে একটি উপকূলীয় শহরের সবচেয়ে বড় বস্তি এলাকায়...

Photo

শ্বাসকষ্ট বাড়ায় আইসিইউতে খালেদা জিয়া

নিউজ ডেস্কঃ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত