সারা বাংলা রংপুর কুড়িগ্রাম
ফুলবাড়ীতে দেশি ছাগলের একসঙ্গে পাঁচ ছানার জন্ম, এলাকায় চাঞ্চল্য
২৬ বাংলা টিভি 10-Nov-2026 20
ফুলবাড়ীতে দেশি ছাগলের একসঙ্গে পাঁচ ছানার জন্ম, এলাকায় চাঞ্চল্য
অনিল চন্দ্র রায়, কুড়িগ্রাম উত্তর প্রতিনিধি : ১০/১১/২০২৬ কুড়িগ্রামের ফুলবাড়ীতে একটি দেশি ছাগলের একসঙ্গে পাঁচটি পাঠা ছানার জন্ম দেওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিরল এ ঘটনা দেখতে ছাগলের মালিকের বাড়িতে ভিড় করছেন প্রতিবেশী ও উৎসুক মানুষ। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে।
উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পূর্ব ফুলমতি গ্রামে কৃষক তহিদুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে। সোমবার (৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে তাঁর পালন করা একটি দেশি ছাগল পরপর চারটি পাঠা ছানার জন্ম দেয়। এরপর প্রায় এক থেকে দেড় ঘণ্টা বিরতি দিয়ে আরও একটি ছানার জন্ম হয়। তবে জন্মের কিছুক্ষণ পরই শেষ ছানাটি মারা যায়। বর্তমানে বাকি চারটি ছানা সুস্থ রয়েছে বলে জানিয়েছেন মালিক।
ছাগলের মালিক কৃষক তহিদুল ইসলাম জানান, তাঁর এই দেশি ছাগলটি এর আগে তিনবার বাচ্চা দিয়েছে। প্রতিবারই তিনটি করে ছানার জন্ম হয়েছিল। এবারও বাচ্চা হওয়ার সময় তিনি পাঁচটি ছানার জন্ম হবে, তা কল্পনাও করতে পারেননি। তাঁর স্ত্রী মমিনা বেগমের উপস্থিতিতে ছাগলটি প্রথমে চারটি ছানার জন্ম দেয়। পরে প্রায় এক ঘণ্টা পর পঞ্চম ছানাটির জন্ম হয়। তবে জন্মের প্রায় ১৫ মিনিটের মধ্যে সেটি মারা যায়। বর্তমানে চারটি ছানাই সুস্থ আছে।
তহিদুল ইসলামের বড় ভাই শহিদুল ইসলাম জানান, ঘটনার সময় তাঁর ভাই ও ভাবি রান্নার কাজে ব্যস্ত ছিলেন। হঠাৎ ছাগলের ডাকাডাকি শুনে তাঁরা ছাগলের ঘরে যান। তাঁদের উপস্থিতিতে এক থেকে দুই মিনিট এবং পরবর্তী সময়ে প্রায় ১০ মিনিটের ব্যবধানে চারটি ছানার জন্ম হয়। এরপর তাঁরা ধারণা করেছিলেন, ছাগলটির আর বাচ্চা হবে না। কিন্তু প্রায় এক ঘণ্টা পর আরও একটি ছানার জন্ম হয়। দুর্ভাগ্যজনকভাবে সেটি কিছুক্ষণের মধ্যেই মারা যায়। বেঁচে থাকা চারটি ছানা মায়ের দুধের পাশাপাশি গরুর দুধও খাওয়ানো হচ্ছে।
ফুলবাড়ী জছিমিয়া মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আমিনুল ইসলাম বলেন, একটি দেশি ছাগলের একসঙ্গে পাঁচটি ছানার জন্ম দেওয়ার ঘটনা সত্যিই ব্যতিক্রমী। সাধারণত দেশি ছাগলের একসঙ্গে দুটি, তিনটি কিংবা চারটি ছানা জন্ম নেওয়ার ঘটনা দেখা যায়। তবে পাঁচটি ছানার জন্মের বিষয়টি বিরল। এ ধরনের ছাগল পরিকল্পিতভাবে পালন ও পরিচর্যা করা গেলে খামারি ও কৃষকেরা অর্থনৈতিকভাবে লাভবান হতে পারেন।
এ বিষয়ে ফুলবাড়ী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. চন্দন কুমার সরকার জানান, একটি দেশি ছাগলের একসঙ্গে পাঁচটি বাচ্চা জন্ম দেওয়ার ঘটনা খুব বেশি দেখা না গেলেও এটি অস্বাভাবিক নয়। এ ধরনের ঘটনা বিরল হলেও ছাগলের ক্ষেত্রে পাঁচটি বাচ্চা জন্ম দেওয়ার হার প্রায় ২ থেকে ৩ শতাংশ।
তিনি আরও জানান, একসঙ্গে একাধিক বাচ্চা জন্ম হলে সেগুলোর যথাযথ পরিচর্যা ও পুষ্টি নিশ্চিত করা জরুরি।
news@26banglatv.com