সারা বাংলা রাজশাহী পাবনা
রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের আরেকটি নতুন চালান
২৬ বাংলা টিভি 06-Nov-2026 20
রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের আরেকটি নতুন চালান
তুহিন হোসেন, পাবনা প্রতিনিধি : দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরে আবারও পৌঁছেছে পারমাণবিক জ্বালানি ইউরেনিয়ামের একটি নতুন চালান। ঢাকা থেকে রাতভর দীর্ঘ পথ পাড়ি দিয়ে শুক্রবার সকালে জ্বালানিবাহী বিশেষ গাড়িবহরটি প্রকল্প এলাকায় প্রবেশ করে। পুরো যাত্রাপথে বহরটির নিরাপত্তায় নিয়োজিত ছিলেন সেনাবাহিনী, পুলিশ, এসআরবিসহ বিভিন্ন সংস্থার সদস্যরা।
শুক্রবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্ধারিত প্রবেশপথ দিয়ে গাড়িবহরটি প্রকল্পের অভ্যন্তরে প্রবেশ করে।
প্রকল্প সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রূপপুরের উদ্দেশে যাত্রা করে ইউরেনিয়ামবাহী যানগুলো। গুরুত্বপূর্ণ সড়ক ও বিভিন্ন প্রবেশপথে আগে থেকেই নিরাপত্তা প্রস্তুতি নেওয়া হয়। বহর চলাচলের সময় প্রয়োজন অনুযায়ী সড়কে যানবাহন চলাচল সীমিত করা হয়। সাধারণ মানুষের চলাচলেও আরোপ করা হয় সাময়িক নিয়ন্ত্রণ।
রাশিয়া থেকে বিশেষ কার্গো বিমানে বাংলাদেশে আনা হয় রূপপুর প্রকল্পের পারমাণবিক জ্বালানি। বিমানবন্দরে পৌঁছানোর পর বিশেষ নিরাপত্তা ব্যবস্থায় সড়কপথে তা ঈশ্বরদীর প্রকল্প এলাকায় পরিবহন করা হচ্ছে। এর আগেও কয়েক দফায় দেশে এসেছে এ ধরনের জ্বালানির চালান। চলতি বছর আরও জ্বালানি আসার কথা রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
অন্যদিকে রূপপুর প্রকল্পের প্রথম ইউনিটে গত অক্টোবরে শুরু হয়েছে পারমাণবিক বিক্রিয়া। ক্রিটিক্যালিটি অর্জনের পর বর্তমানে ইউনিটটিতে বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুতিমূলক ও পরীক্ষামূলক কার্যক্রম চলছে। এসব প্রক্রিয়া সফলভাবে শেষ হলে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের পথ আরও এগিয়ে যাবে বলে আশা করছেন প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিরা।
প্রথম ইউনিটের উৎপাদন কার্যক্রম শুরু হলে দেশের বিদ্যুৎ উৎপাদন খাতে পারমাণবিক শক্তির ব্যবহার বাস্তব রূপ পাবে। ফলে বাংলাদেশের জ্বালানি খাতে রূপপুর প্রকল্পের গুরুত্ব আরও বাড়বে।
news@26banglatv.com