সারা বাংলা রাজশাহী পাবনা
শিশু সন্তানকে হত্যার ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ
২৬ বাংলা টিভি 04-Nov-2026 12
শিশু সন্তানকে হত্যার ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ
তুহিন হোসেন, পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে চার বছর বয়সী শিশু সন্তানকে হত্যার ভয় দেখিয়ে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে তাঁর স্বামীর ভাতিজার বিরুদ্ধে।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে উপজেলার সলিমপুর ইউনিয়নের বক্তারপুর গ্রামের একটি হলুদ ক্ষেতে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে তাঁর স্বামীর বড় ভাইয়ের ছেলে শিবলু মৃধাকে একমাত্র অভিযুক্ত করে ঈশ্বরদী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্ত শিবলু মৃধা বক্তারপুর পশ্চিমপাড়া গ্রামের মো. ইনছান মৃধার ছেলে।
লিখিত অভিযোগ ও ভুক্তভোগীর পরিবারের সূত্রে জানা যায়, ঘটনার দিন ভোর আনুমানিক ৪টার দিকে গৃহবধূর স্বামী কাজের সন্ধানে মেহেরপুরের গাংনীতে যান। পরে দুপুরে ওই গৃহবধূ প্রতিবেশী এক স্বজনের সঙ্গে বক্তারপুর মধ্যপাড়া গ্রামের মাঠে ছাগল চরাতে যান।
অভিযোগ অনুযায়ী, দুপুর আনুমানিক ২টার দিকে শিবলু সেখানে গিয়ে গৃহবধূকে জানান, তাঁর ছোট ছেলের কোমরের নিচের অংশ কেটে রক্ত বের হচ্ছে। সন্তানের দুর্ঘটনার খবর শুনে গৃহবধূ দ্রুত বাড়ির উদ্দেশে রওনা হন।
বাড়ি ফেরার পথে বক্তারপুর মধ্যপাড়া গ্রামের হায়দার নামের এক ব্যক্তির হলুদ ক্ষেতের কাছে পৌঁছালে শিবলু ধারালো হাসুয়া উঁচিয়ে শিশুটিকে হত্যার ভয় দেখান। এরপর জোরপূর্বক তাঁকে ধর্ষণ করেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী নারী।
গৃহবধূ জানান, ঘটনার পরপরই তিনি অভিযুক্তের মা ও বোনকে বিষয়টি জানান। পরে মোবাইল ফোনে স্বামীকেও ঘটনার কথা অবহিত করেন। খবর পেয়ে তাঁর স্বামী মেহেরপুর থেকে বাড়িতে ফিরে স্বজনদের সঙ্গে আলোচনা করে ঈশ্বরদী থানায় লিখিত অভিযোগ দেন।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার রাতে এক নারী ধর্ষণের অভিযোগ নিয়ে থানায় আসেন। অভিযোগ পাওয়ার পর অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের একটি দল অভিযান শুরু করেছে।
ভুক্তভোগী গৃহবধূকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। নিয়ম অনুযায়ী, শারীরিক পরীক্ষার জন্য তাঁকে পাবনা জেনারেল হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।
news@26banglatv.com