সারা বাংলা খুলনা নড়াইল
নড়াইলে নারীদের নৌকাবাইচ , দুই দিনব্যাপী জাতীয় উৎসব, থাকবে স্বাস্থ্য ক্যাম্প ও বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজন
২৬ বাংলা টিভি 04-Nov-2026 21
নড়াইলে নারীদের নৌকাবাইচ , দুই দিনব্যাপী জাতীয় উৎসব, থাকবে স্বাস্থ্য ক্যাম্প ও বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজন
নড়াইল প্রতিনিধি: নড়াইলের ঐতিহ্য, সংস্কৃতি ও নারীর অংশগ্রহণকে জাতীয় পর্যায়ে তুলে ধরতে আয়োজন করা হচ্ছে দুই দিনব্যাপী ‘জাতীয় মতুয়া নারী নৌকাবাইচ ও সাংস্কৃতিক উৎসব’। আগামী ৬ ও ৭ নভেম্বর নড়াইল সদর উপজেলার এগারোখান গোয়াখোলা এলাকায় অনুষ্ঠিত হবে ব্যতিক্রমি এই উৎসব। নৌকাবাইচ, সংগীত, নৃত্য ও ঐতিহ্যবাহী সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে উৎসবটি হয়ে উঠবে গ্রামীণ সংস্কৃতি ও পর্যটন সম্ভাবনার এক বর্ণিল মিলনমেলা।
উৎসবের বিস্তারিত তুলে ধরতে মঙ্গলবার ৩ নভেম্বর সন্ধার পর নড়াইল প্রেস ক্লাবের মিলনায়তনে আয়োজকদের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, উৎসবের প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত এগারোখানের হাতিয়াড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্বাস্থ্য ক্যাম্প পরিচালিত হবে। পাশাপাশি বিকেল থেকে রাত ১২টা পর্যন্ত চলবে সংগীত, নৃত্য এবং ঐতিহ্যবাহী নানা সাংস্কৃতিক পরিবেশনা।
বাংলাদেশ পর্যটন করপোরেশনের আয়োজনে এই উৎসবে সহযোগিতা করছে স্বাস্থ্য অধিদপ্তর, ইউএনএফপিএ (UNFPA), নিউট্রিশন অ্যান্ড রিসার্চ সেন্টার (রংপুর), ইউনিকো হসপিটালস, এটুআই এবং মন্ত্রিপরিষদ বিভাগ। উৎসবের স্পন্সর হিসেবে রয়েছে টি.কে. গ্রুপ। বাস্তবায়নে রয়েছে আলোকাপুরী সাংস্কৃতিক কেন্দ্র ও স্পেলবাউন্ড কমিউনিকেশনস লিমিটেড।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের পরিচালক (বাণিজ্যিক), গ্রেড-২ (অতিরিক্ত সচিব পদমর্যাদা) মো. গনী উল আজম। তিনি বলেন, “দেশের ঐতিহ্য, সংস্কৃতি ও নিজস্ব সাংস্কৃতিক পরিচয় দেশ-বিদেশে তুলে ধরতে পর্যটন করপোরেশন কাজ করছে। এ ধরনের আয়োজন দেশের সাংস্কৃতিক ঐতিহ্যকে বৃহত্তর পরিসরে পরিচিত করার একটি উদ্যোগ।”
এ সময় আলোকাপুরী সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি বনানী বিশ্বাসসহ নড়াইল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম এম মাহবুবুর রশিদ লাবলু (বাংলা টিভি), আরটিভির মোস্তফা কামাল, বাংলাভিশন ও দৈনিক ইত্তেফাকের অ্যাডভোকেট মো. তারিকুজ্জামান লিটু, নন্দিতা বোস (চ্যানেল আই), মো. ইমরান হোসেন (এখন টিভি), কাজী হাফিজুর রহমান (নড়াইল কণ্ঠ) সহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আয়োজকদের প্রত্যাশা, এই উৎসবের মধ্য দিয়ে নড়াইলের লোকজ ঐতিহ্য ও সংস্কৃতি নতুনভাবে জাতীয় পর্যায়ে পরিচিতি পাবে। একই সঙ্গে নারীর অংশগ্রহণ, গ্রামীণ পর্যটন এবং স্থানীয় সাংস্কৃতিক কর্মকাণ্ডে তৈরি হবে নতুন সম্ভাবনা।
সট- বাংলাদেশ পর্যটন করপোরেশনের পরিচালক (বাণিজ্যিক), গ্রেড-২ (অতিরিক্ত সচিব পদমর্যাদা) মো. গনী উল আজম।
news@26banglatv.com