সারা বাংলা খুলনা ঝিনাইদহ
শৈলকুপায় দুই ভাইয়ের দুটি দোকান পুড়ে ছাই, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা
২৬ বাংলা টিভি 30-Oct-2026 15
শৈলকুপায় দুই ভাইয়ের দুটি দোকান পুড়ে ছাই, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা
শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে লাগা আগুনে দুই ভাইয়ের দুটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
শুক্রবার (৩০ অক্টোবর) ভোরে উপজেলার নতুন তো মালিসিয়া গ্রামের লাঙ্গলবাঁধ বাজারসংলগ্ন বাসস্ট্যান্ড এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান দুটি হলো গণেশ কুন্ডুর মুদি দোকান এবং তাঁর ভাই উত্তম কুন্ডুর গ্যাস সিলিন্ডারের দোকান। আগুনে দোকান দুটির সব মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তবে দোকানের পেছনে মজুত রাখা গ্যাস সিলিন্ডারের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বেড়ে যায়।
শৈলকুপা ফায়ার সার্ভিস স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মহিউদ্দিন জানান, মুদি দোকানের পেছনে গ্যাস সিলিন্ডার মজুত থাকায় আগুনে ক্ষয়ক্ষতি বেশি হয়েছে। সেখানে গ্যাস সিলিন্ডারের ব্যবসা পরিচালনার কোনো লাইসেন্স ছিল না বলেও তিনি জানান।
অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়ে ক্ষতিগ্রস্ত দুই ভাই আর্থিকভাবে বিপর্যয়ের মুখে পড়েছেন।
news@26banglatv.com