সারা বাংলা খুলনা ঝিনাইদহ
কালীগঞ্জে দুই বাল্যবিবাহ বন্ধ, গোপনে বিয়ে দেওয়ায় অভিভাবককে জরিমানা
২৬ বাংলা টিভি 26-Oct-2026 27
কালীগঞ্জে দুই বাল্যবিবাহ বন্ধ, গোপনে বিয়ে দেওয়ায় অভিভাবককে জরিমানা
শাহিনুর রহমান পিন্টু, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় বাল্যবিবাহ প্রতিরোধে অভিযান চালিয়ে দুটি বাল্যবিবাহ বন্ধ করেছে উপজেলা প্রশাসন। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে গোপনে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীর বিয়ে দেওয়ায় তার অভিভাবককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গত ২৪ অক্টোবর (শনিবার) রাতে উপজেলার ৬নং ত্রিলোচনপুর ইউনিয়নের বড় ঘিঘাটি ও বাকুলিয়া গ্রামে পৃথকভাবে এসব বাল্যবিবাহের ঘটনা ঘটে।
জানা গেছে, বড় ঘিঘাটি গ্রামে ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত এক ছাত্রীর বাল্যবিবাহের আয়োজনের খবর পান কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ। খবর পেয়ে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বিয়েটি বন্ধ করা হয়। তবে পরবর্তী সময়ে প্রশাসন জানতে পারে, নিষেধাজ্ঞা অমান্য করে গোপনে ওই শিক্ষার্থীর বিয়ে দেওয়া হয়েছে।
বিষয়টি জানার পর বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুযায়ী ওই ছাত্রীর অভিভাবককে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একইভাবে উপজেলার বাকুলিয়া গ্রামেও অপর একটি বাল্যবিবাহ বন্ধ করে উপজেলা প্রশাসন।
এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি। এটি শিশুদের মৌলিক অধিকার, শিক্ষা ও সুন্দর ভবিষ্যৎকে হুমকির মুখে ফেলে। বাল্যবিবাহ প্রতিরোধে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়, প্রয়োজন সামাজিক সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ।
তিনি আরও বলেন, পরিবার, সমাজ, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় নেতা, জনপ্রতিনিধি ও প্রশাসনের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমেই বাল্যবিবাহ নির্মূল করা সম্ভব। প্রতিটি শিশুর শৈশব, শিক্ষা ও স্বপ্ন সুরক্ষায় সবাইকে সচেতন হতে হবে এবং বাল্যবিবাহ প্রতিরোধে এগিয়ে আসতে হবে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবকসহ সর্বস্তরের মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।
news@26banglatv.com