রাজনীতি
সংবিধানের নেশা থেকে বেরিয়ে আসুন: বিএনপিকে শফিকুর রহমান
২৬ বাংলা টিভি 25-Oct-2026 13
সংবিধানের নেশা থেকে বেরিয়ে আসুন: বিএনপিকে শফিকুর রহমান
নিউজ ডেস্ক:
সংবিধান মেনে চললে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি নির্বাচন হওয়ার কথা ছিল না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। একই সঙ্গে ওই নির্বাচন না হলে বিএনপি সরকার গঠন করল কীভাবে, সেই প্রশ্ন তুলে দলটিকে সংবিধানের প্রতি অতিরিক্ত নির্ভরতা থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।
রোববার (২৫ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে ‘জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের বর্ষপূর্তি’ উপলক্ষে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, “আমি বারবার বলি, সংবিধান মানলে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি কোনো নির্বাচন হওয়ার কথা নয়। তাহলে ওই নির্বাচন না হলে আপনারা সরকার হলেন কীভাবে? আর আমরা বিরোধীদল হলাম কীভাবে? সংবিধানের এই নেশা থেকে বের হয়ে আসতে হবে। এই সংবিধান শুধু ফ্যাসিবাদের জন্মই দেয়নি, ফ্যাসিবাদকে স্থায়ী রূপ দিতে চেয়েছিল।”
বিএনপির উদ্দেশে জামায়াত আমির প্রশ্ন তোলেন, এখন কেন দলটি সংবিধানের কথা বলছে।
তিনি বলেন, সংবিধান মেনে সাড়ে ১৫ বছর সরকারের অনুমতি নিয়ে কিছু সভা-সমাবেশ ও মিছিল করেছে দলগুলো। কিন্তু ফ্যাসিবাদকে উৎখাত করা সম্ভব হয়নি। জামায়াতও পারেনি, বিএনপিও পারেনি—এটাই বাস্তবতা।
২০২৪ সালের নির্বাচনের সময় বিএনপির জ্যেষ্ঠ নেতাদের কারাবন্দি থাকার প্রসঙ্গ তুলে তিনি বলেন, তখন তাদের অনেকের সঙ্গে কারাগারে ছিলেন। সে সময় আলোচনা হতো, ২০৪১ সালের আগে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানো সম্ভব হবে না। তিনি তখন বলেছিলেন, এত দিন অপেক্ষা করতে হবে না; শেখ হাসিনার উত্তরসূরিরাও সেই পতাকা বহন করবেন। তাই দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে এগোতে হবে। কারাগারে বিএনপির নেতাদের মুখে এসব কথা শুনেছেন উল্লেখ করে তিনি প্রশ্ন করেন, আল্লাহর ইচ্ছায় কি পরিবর্তন হতে পারে না? পরিবর্তনের জন্য অনেক চেষ্টা করেও সফল হওয়া যায়নি বলে তখন আলোচনা হয়েছিল।
জামায়াত আমির বলেন, ক্ষমতায় যাওয়ার পর নেতারা অতীতের সবকিছু ভুলে গেছেন। সংবিধান মেনেই আন্দোলন, সভা ও মিছিল করতে হয়েছে; সরকারের অনুমতি নিতে হয়েছে। তবে তার দাবি, সরকার তাদের অনুমতি দেয়নি, দিতেও চায়নি। সাড়ে ১৫ বছরে মাত্র দুটি সভা করার সুযোগ হয়েছিল, সেগুলোরও অনুমতি দেওয়া হয়নি। ২০২৩ সালের ২৮ অক্টোবরের সমাবেশের আগে তারা জানিয়ে দিয়েছিলেন, অনুমতি না পেলেও সভা করবেন।
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, যেসব বিষয়ে পরিবর্তন প্রয়োজন, সেসব জায়গায় বিএনপি ভিন্নমত বা ‘নোট অব ডিসেন্ট’ দিয়ে রেখেছে। আবার যেসব বিষয়ে ভিন্নমত জানানো হয়নি, সেগুলোও এখন এড়িয়ে যাওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি প্রশ্ন করেন, জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের অনুষ্ঠান দক্ষিণ প্লাজায় হলো কেন, গণভবনে বা অন্য কোথাও হলো না কেন?
news@26banglatv.com