সারা বাংলা খুলনা ঝিনাইদহ
মহেশপুরে নস্তি বাওড়ে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে পুলিশ সদস্যের মৃত্যু
২৬ বাংলা টিভি 25-Mar-2026 55
মহেশপুরে নস্তি বাওড়ে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে পুলিশ সদস্যের মৃত্যু
ঝিনাইদহ সংবাদদাতাঃ
ঝিনাইদহের মহেশপুর উপজেলার নস্তি বাওড়ে মাছ ধরতে গিয়ে বিষধর সাপের কামড়ে আশিক আহম্মেদ (২৮) নামে এক পুলিশ সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে এই দুর্ঘটনা ঘটে। নিহত আশিক আহম্মেদ নওগাঁ জেলার বাসিন্দা এবং ঝিনাইদহ পুলিশ লাইন্সের মোটরযান শাখায় ড্রাইভার হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ পুলিশ লাইন্সের এএসআই শাকিল আহম্মেদ, কনস্টেবল আরিফ হোসেন মুন্সী ও চালক আশিক আহম্মেদসহ একটি দল সরকারি ডাবল কেবিন পিকআপে করে মহেশপুর থানায় দাপ্তরিক কাজে আসেন। কাজ শেষে বিকেল ৩টার দিকে তারা পার্শ্ববর্তী নস্তি বাওড়ে ছিপ দিয়ে মাছ ধরতে যান। মাছ ধরার একপর্যায়ে বিকেল সাড়ে ৩টার দিকে আশিককে একটি বিষধর সাপ কামড় দেয়। এসময় সহকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নস্তি গ্রামের প্রত্যক্ষদর্শী নিত্য হালদার ও নায়েব আলী জানান, পুলিশ সদস্যরা বাওড়ে মাছ ধরতে নেমেছিলেন, সেখানেই একজন সাপের কামড়ে আক্রান্ত হন।
মহেশপুর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার হাবিবুর রহমান জানান, "রোগীকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। তবে তার পায়ে সাপে কাটার স্পষ্ট ক্ষত চিহ্ন পাওয়া গেছে এবং হাতের নখ নীল হয়ে গিয়েছিল। প্রাথমিক লক্ষণগুলো সাপে কাটার মতোই মনে হচ্ছে। ময়নাতদন্ত করলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঝিনাইদহ থেকে চারজন পুলিশ সদস্য দাপ্তরিক কাজে থানায় এসেছিলেন। কাজ শেষে তারা নস্তি বাওড়ে গিয়েছিলেন। সেখানে বাওড়ে নামার পর আশিক অসুস্থ হয়ে পড়েন। ওসি আরও জানান, মৃত্যুর সুনির্দিষ্ট কারণ ময়নাতদন্তের পর জানা যাবে, তবে সাপে কাটার জোরালো সম্ভাবনা রয়েছে।
বিকেল সাড়ে ৪টার দিকে ঝিনাইদহ থেকে পুলিশের একটি বিশেষ গাড়ি এসে হাসপাতাল থেকে মরদেহ নিয়ে যায়। এই ঘটনায় পুলিশ বিভাগে শোকের ছায়া নেমে এসেছে।
news@26banglatv.com