সারা বাংলা চট্টগ্রাম লক্ষ্মীপুর
কলেজছাত্র আশরাফুল হত্যায় থামছে না মায়ের আহাজারি পুলিশের সহযোগিতার ‘মূল্য’ দিলেন প্রাণ দিয়ে
২৬ বাংলা টিভি 18-Feb-2026 72
কলেজছাত্র আশরাফুল হত্যায় থামছে না মায়ের আহাজারি পুলিশের সহযোগিতার ‘মূল্য’ দিলেন প্রাণ দিয়ে
লক্ষ্মীপুর প্রতিনিধি :
লক্ষ্মীপুরের রায়পুরে মাদক ব্যবসায়ীদের পুলিশে দেওয়ায় কলেজছাত্র আশরাফুল ইসলামকে নির্মমাভাবে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুশে উঠেছে জনতা। ঘটনার এক মাস পেরিয়ে গেলেও এখনো ধরাছোঁয়ার বাহিরে মামলার ৭ আসামি।
পলাতক আসামিদের গ্রেপ্তারসহ সর্বোচ্চ শাস্তির দাবিতে বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের খাসের হাট বাজারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, শিক্ষক-শিক্ষার্থী, ব্যবসায়ী ও ভুক্তভোগী পরিবার। যদিও এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী ইতিমধ্যে ৪ জনকে গ্রেপ্তার করেছে।
এদিকে মানববন্ধনে অংশ নেওয়া আশরাফুলের মা নিগার সুলতানার আর্তনাদে আকাশ ভারি হয়ে উঠে। আশরাফুলের মৃত্যুর ১ মাস পার হলেও কান্না থামছে না ছেলে হারা এই মায়ের। তিনি আর্তনাদ করছিলেন আর বলছিলেন, 'বিচার লাগবো না, আমার বাবা লাগবোরে, আমার বুকের হাহাকারটা নিভাইয়া দে, আমারে একটু মা কইয়া ডাইকলেই অইবোরে, আমি খরাত কইরা কইরা তোমাদের টাকা দিমুরে বাবার লাইগা, আমারে বাবা আইনাদেরে, আমার একটা বাবারে, ওদের ১০ টা আছেরে, আমার আর কেউ নাইরে'।
এসময় বক্তব্য রাখেন, উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক গাজী মোহাম্মদ মহিউদ্দিন, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আদনান হাবিব, নিহত আশরাফুলের বাবা আজিজুল হক, অন্তরা আক্তার ও মামা কে এম সালেহ আহমেদ প্রমুখ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, আশরাফুল রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের চরবংশী গ্রামের বাসিন্দা ও রায়পুর রুস্তম আলী কলেজের ডিগ্রি শেষ বর্ষের ছাত্র ছিলেন। গত ১৪ জানুয়ারি রাতে উত্তর চরবংশী গ্রামের পূর্ব ডালি কান্দি বিলে নাহিদ বেপারী ও শাহিন বেপারীসহ অভিযুক্তরা আশরাফুলের ওপর হামলা করে। এসময় তারা তাকে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে পিটিয়ে আহত ও শ্বাসরোধ করে হত্যাচেষ্টা করে। খবর পেয়ে সেখান থেকে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় ১৬ জানুয়ারি দুপুরে আশরাফুলের বাবা আজিজুল বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১৬ জনের বিরুদ্ধে রায়পুর থানায় মামলা দায়ের করেন। পরে একইদিন অভিযান চালিয়ে শাহিন বেপারীকে পুলিশ গ্রেপ্তার করে। ২০ জানুয়ারি রাজধানীর গ্রীণ রোডে নিউ লাইফ হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় আশরাফুল মারা যায়। ২৩ জানুয়ারি রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার ভুলতা গাউছিয়া এলাকায় অভিযান চালিয়ে শাকিল বেপারী, সোহাগ বেপারী ও মোক্তার পাটওয়ারীকে গ্রেপ্তার করে র্যাব-১১। গ্রেপ্তারকৃতরা উত্তর চরবংশী গ্রামের বাসিন্দা।
নিহত আশরাফুলের মামা কে এম সালেহ আহমেদ জানান, এলাকার কয়েকজন মাদক ব্যবসায়ীদের ধরতে পুলিশকে সহযোগিতা করায় ক্ষিপ্ত হয়ে তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে নির্মমভাবে মেরে ফেলা হৃয। আমরা এ হত্যাকারীদের দ্রুত ফাঁসী চাই।
পাঁচ বোনের এক ভাই ছিল আশরাফুল। কিন্তু মাদক ব্যবসায়ীরা তাকে হত্যা করেছে। এ ঘটনায় তার বোন অন্তরা আক্তার বলেন, ঘর থেকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে আমার ভাইকে নির্মমভাবে হত্যা করেছে। আমি হত্যাকারীদের ফাঁসি চাই।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, মামলার এজাহারভুক্ত ৪জন আসামীকে পুলিশ গ্রেফতার করেছে। এরমধ্যে ৩জন হত্যাকান্ডের দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী দিয়েছে। গ্রেপ্তার শাহীনের কাছ থেকে হত্যার ঘটনায় ব্যবহৃত আলামত জব্দ করা হয়। অন্য আসামিদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত আছে।
news@26banglatv.com