সারা বাংলা রাজশাহী সিরাজগঞ্জ
অস্বাস্থ্যকর পরিবেশে পাস্তা তৈরি, সিরাজগঞ্জে প্রতিষ্ঠানকে জরিমানা
২৬ বাংলা টিভি 12-Nov-2026 17
অস্বাস্থ্যকর পরিবেশে পাস্তা তৈরি, সিরাজগঞ্জে প্রতিষ্ঠানকে জরিমানা
ইউসুফউজ্জামান ইমরান, সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে পাস্তা উৎপাদন, পণ্যের মোড়কে প্রয়োজনীয় তথ্যের ঘাটতি এবং বিএসটিআইয়ের মোড়ক লাইসেন্স সংক্রান্ত অনিয়মের দায়ে মেসার্স এস.বি ট্রেডার্সের মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে সিরাজগঞ্জ সদর উপজেলার সয়াধানগড়া এলাকায় খাদ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানটির কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সোহেল শেখ অভিযানে নেতৃত্ব দেন।
অভিযান সূত্রে জানা যায়, কারখানায় উৎপাদিত পাস্তার মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ, বিএসটিআইয়ের মোড়ক লাইসেন্স এবং ফুড গ্রেড রঙের মোড়কে উৎপাদনকারী ও আমদানিকারকের পূর্ণ ঠিকানা উল্লেখ না থাকাসহ অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাত করার প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটির মালিক মো. শফিকুল ইসলামকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে অভিযানকালে বাজারে ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য, মজুত ও সরবরাহ পরিস্থিতি তদারকি করা হয়।
অভিযানে সংশ্লিষ্ট ব্যবসায়ী নেতৃবৃন্দ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।
ভোক্তাদের স্বার্থ সুরক্ষা, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং বাজারে পণ্যের ন্যায্যমূল্য বজায় রাখতে এ ধরনের অভিযান ও বাজার তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয়।
news@26banglatv.com