সারা বাংলা খুলনা নড়াইল
ফ্যাসিস্টদের দোসর থেকে খোলস পাল্টে এখন ‘সংখ্যালঘু কার্ড, নড়াইলে প্রফুল্লর বিরুদ্ধে যত জালিয়াতি ও দখলবাজি
২৬ বাংলা টিভি 11-Nov-2026 23
ফ্যাসিস্টদের দোসর থেকে খোলস পাল্টে এখন ‘সংখ্যালঘু কার্ড, নড়াইলে প্রফুল্লর বিরুদ্ধে যত জালিয়াতি ও দখলবাজি
নড়াইল প্রতিনিধি:
"হিন্দু হয়েও হিন্দুদের ওপর নির্যাতন, হামলা, হয়রানি এবং জাল-জালিয়াতির মাধ্যমে তাদের জায়গা-জমি দখল করা এসব অপকর্মের ঢাল হিসেবে তিনি ব্যবহার করেন ‘সংখ্যালঘু কার্ড’।" নড়াইল সদর পৌরসভার দুর্গাপুর গ্রামের বাসিন্দা প্রফুল্ল বিশ্বাসের বিরুদ্ধে এমনই গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, বিগত স্বৈরাচারী সরকারের আমলে ফ্যাসিস্টদের প্রধান সহযোগী হিসেবে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন প্রফুল্ল। গত ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর কিছুদিন আত্মগোপনে বা পলাতক থাকলেও, সম্প্রতি সেই সংখ্যালঘু কার্ড ব্যবহার করেই তিনি পুনরায় প্রবল প্রতাপে এলাকায় ফিরে এসেছেন এবং আগের মতো অপকর্ম চালিয়ে যাচ্ছেন।
তাঁর বিরুদ্ধে জমি দখল ও উচ্ছেদ সংক্রান্ত একটি অভিযোগের বিষয়ে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। তবে প্রফুল্ল বিশ্বাস তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ’ দাবি করেছেন।
সরেজমিন দুর্গাপুর গ্রামে খোঁজ নিয়ে জানা যায়, বিগত ১৭ বছরের শাসনামলে প্রফুল্ল বিশ্বাসের প্রভাবে এলাকার সাধারণ মানুষ নানাভাবে নিগৃহীত হয়েছেন। আশ্চর্যের বিষয় হলো, তাঁর নিপীড়নের শিকার ব্যক্তিদের বেশিরভাগই তাঁর নিজ ধর্মের অর্থাৎ হিন্দু সম্প্রদায়ের সাধারণ মানুষ। প্রভাবশালী মহলের আশীর্বাদপুষ্ট চতুর প্রফুল্ল যখনই যারাই ক্ষমতায় আসুক, নিজের অবস্থান সবসময় শক্ত রেখে এলাকায় সাধারণ মানুষের ওপর স্টিম রোলার চালিয়েছেন।
দুর্গাপুর গ্রামের বাবুরাম (৬২) জানান, ১৬ লাখ টাকায় তাঁর সাড়ে ১৪ শতাংশ জমি ক্রয়ের চুক্তি করেন প্রফুল্ল। সরল বিশ্বাসে বাবুরাম জমি রেজিস্ট্রি করে দিলেও প্রফুল্ল চুক্তির টাকার মাত্র ৫ লাখ ৯০ হাজার টাকা দিয়ে বাকি ১০ লাখ ৯০ হাজার টাকা দিতে গড়িমসি শুরু করেন। সম্প্রতি টাকা চাইতে গেলে বাবুরামকে নানা ধরনের হুমকি ও ভয়ভীতি দেখানো হচ্ছে। তরুণ বালা (৪২) নামে এক দরিদ্র কাঠমিস্ত্রীর অভিযোগ, তিনি তাঁর জমি রঞ্জিত ঋষির কাছে বিক্রি করলেও প্রফুল্ল দাবি করছেন জমিটি তাঁর কাছে বিক্রি করা হয়েছে। এই বানোয়াট দাবিতে প্রফুল্ল নিরীহ তরুণ বালাকে পুলিশ দিয়ে হয়রানি করাচ্ছেন। গ্রামের কারোর জমিজমার মালিকানায় সামান্য ফাঁকফোকর পেলেই সেখানে প্রফুল্লর লোভের থাবা পড়ে।
চাষী খগেন বিশ্বাস (৬৮) জানান, তাঁর প্রতিবেশী সুধীর গং তাঁদের ৫ শতাংশ জমি বিক্রয়ের জন্য খগেনের সঙ্গে চুক্তিবদ্ধ হন এবং মূল্য বুঝে পেয়ে তাঁকে জমির দখল বুঝিয়ে দেন। কিন্তু পরে তারা জমি রেজিস্ট্রি না করে ভারতে চলে যান। এই সুযোগে প্রফুল্ল সেই জমি কৌশলে হস্তগত করে খগেনকে দখলচ্যুত করেন।
সন্তোষ অধিকারী নামে এক কৃষিজীবীর মন্দিরসহ বসতভিটা সুকৌশলে কব্জা করে নেওয়ায় বাধ্য হয়ে বৃদ্ধ বয়সে পরিবার-পরিজন নিয়ে দেশত্যাগ করতে হয়েছে বলে জানান সন্তোষ অধিকারীর বোন, সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর ইপি রানী। এছাড়া জালিয়াতির মাধ্যমে দলিল করে নেওয়ায় কয়েক পুরুষের সম্পদ হারানোর কষ্ট সইতে না পেরে বিমল ভট্টাচার্য নামের এক ব্যক্তির মৃত্যুর অভিযোগও রয়েছে।
প্রফুল্লর বিরুদ্ধে গিয়ে সন্ত্রাসী হামলা ও হয়রানির শিকার হতে হয়েছে রবিন বিশ্বাস ও ছোট বিশ্বাস নামের দুই ভাইকে। চুরির অপবাদ দিয়ে রাতের বেলা ঘুমন্ত দুই ভাইকে প্রফুল্ল পুলিশে ধরিয়ে দেন বলে জানান রবিনের স্ত্রী সন্দীপা বিশ্বাস (৩৮)।
এ ছাড়াও প্রফুল্লর বিরুদ্ধে এমন অসংখ্য অভিযোগ রয়েছে। ৫ আগস্টের পর কিছুদিন পালিয়ে বেড়ালেও বর্তমানে সংখ্যালঘু কার্ডের অপব্যবহার করায় নির্যাতিত ও হেনস্তার ভয়ে এলাকার কেউ আর তাঁকে ঘাটার সাহস পান না। সম্প্রতি বাপ্পারাজ নামে এক ব্যবসায়ী তাঁর বসতবাড়ির দখল ফিরে পেতে ভূমি অপরাধ প্রতিকার ও প্রতিরোধ আইনে নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদন করেছেন। ওই আবেদনে বলা হয়েছে, গত বছরের ২০ জুন রাতে ভাড়াটে সন্ত্রাসী নিয়ে দুর্গাপুর গ্রামে বাপ্পার খরিদকৃত বসতবাড়ি থেকে তাঁকে জোরপূর্বক বিতাড়িত করা হয়।
ভোক্তভোগী বাপ্পারাজ বলেন, "আপসে জায়গা-জমি উদ্ধারের অনেক চেষ্টা করেছি। কিন্তু কিছু বলতে গেলেই ধুরন্ধর প্রফুল্ল সংখ্যালঘু নির্যাতনের ট্যাগ বা কার্ড ব্যবহার করেন, যে কারণে ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায় না।"
সকল অভিযোগের বিষয়ে প্রফুল্ল বিশ্বাসের কাছে জানতে চাইলে তিনি দাবি করেন, বাপ্পারাজের আগেই তিনি ওই জমি ক্রয়ের মনস্থির করেন এবং জমির মালিক এস এম নজরুলকে ১০ লাখ টাকা অগ্রিম দিয়ে বায়নাপত্র সম্পাদন করেন। এছাড়া জমির অন্য অংশীদাররাও তাঁকে দলিল করে দিয়েছেন বলে দাবি তাঁর। অন্যান্য অভিযোগের বিষয়ে প্রফুল্ল বলেন, "গ্রাম্য প্রতিপক্ষরা আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। কোনো প্রকার জাল-জালিয়াতি বা প্রতারণার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।"
এ বিষয়ে নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) টি. এম. রাহসিন কবির তাঁর দপ্তরে ভূমি অপরাধ প্রতিকার ও প্রতিরোধ আইনে প্রফুল্ল বিশ্বাসের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।
news@26banglatv.com