সারা বাংলা রাজশাহী পাবনা
পাবনায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন
২৬ বাংলা টিভি 11-Nov-2026 19
পাবনায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন
তুহিন হোসেন, পাবনা প্রতিনিধি :
পাবনা সদর উপজেলার দোগাছি বাজারে গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। স্থানীয়দের দাবি, দুর্বৃত্তরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পেট্রল ঢেলে কার্যালয়টিতে আগুন ধরিয়ে দেয়। এ সময় অফিসের সাইনবোর্ডে আগুন দেওয়ার পাশাপাশি থাইগ্লাসও ভাঙচুর করা হয়।
মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
গ্রামীণ ব্যাংক পাবনা জোনাল অফিসের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাত ১২টা ৫০ মিনিটের দিকে দুর্বৃত্তরা প্রথমে শাখা কার্যালয়ের সাইনবোর্ডে আগুন দেয়। পরে অফিসের থাইগ্লাস ভাঙচুর করে চলে যাওয়ার সময় কার্যালয়ের সামনের অংশে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়।
তিনি বলেন, এ সময় কার্যালয়ের ভেতরে থাকা নৈশ প্রহরী আব্দুল ওহাবের চিৎকারে বাসার মালিক, অফিসের কর্মচারী ও স্থানীয় লোকজন ছুটে আসেন। পরে তাঁরা আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে ব্যাংকের গুরুত্বপূর্ণ কোনো কাগজপত্রের ক্ষতি হয়নি। এ ঘটনায় পুলিশের কাছে অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে রাতেই পুলিশের টহল দল ঘটনাস্থল পরিদর্শন করে। সকালে পুলিশের আরেকটি দল সেখানে গিয়ে বিভিন্ন তথ্য সংগ্রহ করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
news@26banglatv.com