সারা বাংলা রাজশাহী সিরাজগঞ্জ
রেললাইন ও মহাসড়কে আগুন, নিষিদ্ধ ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার
২৬ বাংলা টিভি 10-Nov-2026 22
রেললাইন ও মহাসড়কে আগুন, নিষিদ্ধ ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার
ইউসুফউজ্জামান ইমরান, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে রেললাইন ও মহাসড়কে অগ্নিসংযোগের ঘটনায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে জেলার বিভিন্ন স্থানে এসব অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এর মধ্যে যমুনা সেতুর পশ্চিমপাড়ে সদর উপজেলার মুলিবাড়ি এলাকায় রেললাইনে আগুন দেওয়ার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) তাঁদের বিরুদ্ধে নাশকতার মামলা করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সিরাজগঞ্জ পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন (২২), সয়দাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সদস্য আশিক হোসেন (৩৯) ও ইমরুল কায়েস (১৯)। সাদ্দাম সদর উপজেলার দিয়ার ধানগড়া (সর্দারপাড়া) এলাকার বাসিন্দা। আশিকের বাড়ি সয়দাবাদ মধ্যপাড়ায় এবং ইমরুল কড্ডা কৃষ্ণপুর এলাকার বাসিন্দা।
সোমবার রাতে সয়দাবাদ ইউনিয়নের মুলিবাড়ি এলাকায় রেললাইনে আগুন দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে আগুন দেওয়ার সময় কয়েকজনকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে শোনা যায়। তাঁদের দেশব্যাপী ধর্মঘট সফল করার আহ্বান জানাতেও শোনা যায়।
ঘটনার খবর পেয়ে রেলওয়ে পুলিশ ও সদর থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে ফেলে। এতে রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল বলে জানিয়েছে পুলিশ।
একই রাতে জেলার অন্য এলাকাতেও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের ব্যানারে কামারখন্দ উপজেলার হাটিকুমরুল মোড় ও উল্লাপাড়া এলাকায় মহাসড়কে আগুন দেওয়ার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি বায়ান্ন টিভিকে নিশ্চিত করেন সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান। তিনি জানান, সোমবার রাতের ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে নাশকতার মামলা করা হয়েছে।
সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানার ওসি খাইরুল ইসলাম তালুকদার বায়ান্ন টিভিকে বলেন, রেললাইনে আগুন দেওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তা নিভিয়ে দেয়। এ ঘটনায় ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি।
news@26banglatv.com