সারা বাংলা রাজশাহী পাবনা
দীর্ঘদিন ধরে অষ্টম শ্রেণীর ছাত্রীর সাথে প্রেম’ গভীর রাতে শিক্ষকের সাথে বিয়ে
২৬ বাংলা টিভি 05-Nov-2026 19
দীর্ঘদিন ধরে অষ্টম শ্রেণীর ছাত্রীর সাথে প্রেম’ গভীর রাতে শিক্ষকের সাথে বিয়ে
তুহিন হোসোন, পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে নিজ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রীকে বিয়ে করার অভিযোগ উঠেছে একই বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে।
এ ঘটনায় এলাকায় ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার ছয় দিন পেরিয়ে গেলেও অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা।
বুধবার (৪ নভেম্বর) সকালে বিদ্যালয়ে গেলে অভিযুক্ত শিক্ষককে প্রবেশ করতে বাধা দেন প্রধান শিক্ষকসহ অন্য শিক্ষকরা। পরে কোনো ক্লাস না নিয়েই বাড়ি ফিরে যান তিনি।
অভিযুক্ত শিক্ষক মোশারফ হোসেন মুসা উপজেলার মানিকনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক।
অভিযোগ অনুযায়ী, একই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে দীর্ঘদিন ধরে তাঁর প্রেমের সম্পর্ক ছিল। একপর্যায়ে ওই ছাত্রী বিয়ের দাবিতে শিক্ষকের বাড়িতে যান। প্রথমে বিয়েতে অস্বীকৃতি জানালেও পরে চাপের মুখে গত শুক্রবার (৩০ অক্টোবর) মধ্য রাতে গোপনে তাঁকে বিয়ে করেন শিক্ষক মুসা।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিয়ের পরও নিয়মিত বিদ্যালয়ে যাতায়াত করছিলেন ওই শিক্ষক। বিষয়টি জানাজানি হলে সমালোচনার মুখে ছাত্রীকে তাঁর বাড়ি থেকে বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।
অভিযুক্ত শিক্ষক অবশ্য মুঠোফোনে বিয়ের বিষয়টি অস্বীকার করেছেন। দীর্ঘদিনের সম্পর্ক এবং ওই ছাত্রীর দুই দিন শিক্ষকের বাড়িতে অবস্থান ও রাত যাপনের বিষয়ে জানতে চাইলে প্রতিবেদকের ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন তিনি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুর রহমান বলেন, ‘বিষয়টি লোকমুখে শুনেছি। তবে এখনো আনুষ্ঠানিক কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি তসলিম আরিফ তুষার বলেন, ‘তিন দিন আগে বিষয়টি জানতে পেরেছি। এমন ঘটনায় বিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ন হয়েছে। প্রধান শিক্ষক দাপ্তরিক কাজে ঢাকায় থাকায় ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। জরুরি সভা আহ্বান করা হয়েছে। দ্রুতই অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
ঈশ্বরদী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, বিদ্যালয় কর্তৃপক্ষ এ বিষয়ে আমাকে কিছু জানায়নি। তবে বাল্যবিবাহ রাষ্ট্রীয় অপরাধ। নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীকে বিয়ে করায় ওই শিক্ষকের নৈতিক স্খলন ঘটেছে। এ বিষয়ে বিদ্যালয় পরিচালনা পর্ষদকে অভিযুক্ত শিক্ষক ও শিক্ষার্থীর অভিভাবকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হবে।
বিদ্যালয়ের একাধিক শিক্ষার্থীর অভিভাবক বলেন, শিক্ষকের কাছে শিক্ষার্থীরা সন্তানের মতো। একজন শিক্ষকের কাছ থেকে এমন ঘটনায় তাঁরা হতবাক। ঘটনার ছয় দিন পেরিয়ে গেলেও অভিযুক্ত শিক্ষক ও শিক্ষার্থীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় তাঁরা উদ্বিগ্ন। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।
news@26banglatv.com