সারা বাংলা খুলনা ঝিনাইদহ
কোটচাঁদপুরে বিশেষ অভিযানে আওয়ামী লীগের দুই নেতাসহ গ্রেপ্তার ৭
২৬ বাংলা টিভি 03-Nov-2026 20
কোটচাঁদপুরে বিশেষ অভিযানে আওয়ামী লীগের দুই নেতাসহ গ্রেপ্তার ৭
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে পুলিশের পৃথক বিশেষ অভিযানে আওয়ামী লীগের দুই নেতাসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) পরিচালিত এসব অভিযানে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পাঁচজন এবং সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলার তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে আরও দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, ঝিনাইদহের পুলিশ সুপারের নির্দেশনায় কোটচাঁদপুর মডেল থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং গ্রেপ্তারি পরোয়ানা তামিলের লক্ষ্যে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পাঁচজনকে নিজ নিজ বসতবাড়ি থেকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন—রাঙ্গীয়ারপোতা গ্রামের শাওন ইসলাম ও রোকেয়া বেগম, এলাঙ্গি গ্রামের মাহফুজুর রহমান সিডল (৩০), বলাবাড়িয়া গ্রামের ওবাইদুল্লাহ খান এবং সলেমানপুর গ্রামের সালমান শেখ (২১)।
অন্যদিকে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত পৃথক অভিযানে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন—বকশিপুর গ্রামের মো. লোকমান কবির (৫৬), যিনি কোটচাঁদপুর থানা আওয়ামী লীগের প্রচার সম্পাদক হিসেবে পরিচিত এবং তালসার উত্তরপাড়ার মো. হাবিবুর রহমান (৪০), যিনি কুশনা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে কোটচাঁদপুর থানার মামলা নম্বর ১৬, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২৬, জিআর নম্বর ১১৮/২৬। মামলাটি সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর সংশোধিত ২০২৬ সালের ৭, ৮, ৯, ১০, ১১, ১২ ও ১৩ ধারায় করা হয়েছে। তাদের পিসিপিআর যাচাই করে পূর্বের কোনো বিরূপ তথ্য পাওয়া যায়নি বলেও পুলিশ জানিয়েছে।
কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, গ্রেপ্তারকৃত সাতজনকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপরাধ দমন ও এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
news@26banglatv.com