সারা বাংলা খুলনা ঝিনাইদহ
কালীগঞ্জের ত্রিলোচনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ১০ লাখ টাকার ক্ষতি
২৬ বাংলা টিভি 29-Oct-2026 15
কালীগঞ্জের ত্রিলোচনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ১০ লাখ টাকার ক্ষতি
শাহিনুর রহমান পিন্টু, (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ৬নং ত্রিলোচনপুর ইউনিয়নের দরগাপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে আনোয়ার হোসেন নামে এক ব্যক্তির বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে নগদ টাকা, স্বর্ণালংকার, আসবাবপত্র ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীসহ প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) দুপুর আনুমানিক ২টা ৫০ মিনিটের দিকে ত্রিলোচনপুর গ্রামের দরগাপাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত আনোয়ার হোসেন ওই গ্রামের মনিরুল ইসলাম মনোর ছেলে।
জানা গেছে, অগ্নিকাণ্ডে আনোয়ার হোসেনের বসতঘরে থাকা দুটি স্বর্ণের চেইন, চারটি স্বর্ণের আংটি, একটি নেকলেস, দুই জোড়া কানের দুল, একটি ব্রেসলেট ও নগদ ২০ হাজার টাকাসহ ঘরের আসবাবপত্র, চাল-ডাল, জামাকাপড় এবং অন্যান্য প্রয়োজনীয় মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
হঠাৎ অগ্নিকাণ্ডে বসতঘর ও মূল্যবান জিনিসপত্র হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে ক্ষতিগ্রস্ত পরিবারটি।
এ ঘটনায় পরিবারটির প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।
এ বিষয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মো. হারুন অর রশিদ বলেন, ‘অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি।’
তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
news@26banglatv.com