সারা বাংলা খুলনা ঝিনাইদহ
যুবসমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলার সামগ্রী বিতরণ করছেন চেয়ারম্যান পদপ্রার্থী পিকুল
২৬ বাংলা টিভি 23-Oct-2026 17
যুবসমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলার সামগ্রী বিতরণ করছেন চেয়ারম্যান পদপ্রার্থী পিকুল
শাহিনুর রহমান পিন্টু, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি:
যুবসমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ৬নং ত্রিলোচনপুর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, তরুণ ব্যবসায়ী ও সমাজসেবক বি এম শামিমুল ইসলাম পিকুল।
দীর্ঘদিন ধরে তিনি ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও তরুণদের মাঝে ফুটবলসহ বিভিন্ন খেলাধুলার সামগ্রী বিতরণ করে আসছেন।
তরুণ প্রজন্মকে সুস্থ বিনোদন ও ক্রীড়ামুখী করে গড়ে তোলাই তাঁর এ উদ্যোগের মূল উদ্দেশ্য। পাশাপাশি মাদক, কিশোর অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে যুবসমাজকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই বলে মনে করেন তিনি।
জানা গেছে, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে এলাকায় গণসংযোগ ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন বি এম শামিমুল ইসলাম পিকুল। ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে বিভিন্ন সময়ে ক্রীড়াসামগ্রী দিয়ে সহযোগিতা করছেন তিনি।
বি এম শামিমুল ইসলাম পিকুল ত্রিলোচনপুর ইউনিয়নের ছোট ঘিঘাটি গ্রামের বাসিন্দা। তিনি কালীগঞ্জ উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি, সাবেক সাধারণ সম্পাদক ও যুগ্ম আহ্বায়ক এবং ৬নং ত্রিলোচনপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম আয়নাল হাসানের ছেলে।
বাবার রাজনৈতিক ও সামাজিক পরিচয়ের পাশাপাশি নিজের উদ্যোগে বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে এলাকায় পরিচিতি গড়ে তুলছেন তিনি। বিশেষ করে তরুণ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করা এবং একটি মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে তাঁর কার্যক্রম অব্যাহত রয়েছে।
‘স্বচ্ছতা, জবাবদিহিতা ও উন্নয়ন’—এই তিন মূলমন্ত্রকে সামনে রেখে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন পিকুল। নির্বাচিত হওয়ার সুযোগ পেলে ইউনিয়নের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগব্যবস্থা, ক্রীড়া ও সামাজিক উন্নয়নে গুরুত্ব দিতে চান তিনি।
বি এম শামিমুল ইসলাম পিকুল বলেন, ‘আজকের তরুণরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের সঠিক পথে পরিচালিত করতে হলে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার সুযোগ সৃষ্টি করতে হবে। তরুণরা মাঠে থাকলে মাদকসহ বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে থাকার সুযোগ পাবে। সেই চিন্তা থেকেই আমি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও তরুণদের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ করে আসছি।’
তিনি আরও বলেন, ‘আমার মূল লক্ষ্য একটি মাদকমুক্ত, বাল্যবিবাহমুক্ত, শিক্ষাবান্ধব ও আধুনিক ত্রিলোচনপুর ইউনিয়ন গড়ে তোলা। আমি মানুষের পাশে থেকে কাজ করতে চাই। ইউনিয়নবাসীর ভালোবাসা ও সমর্থন পেলে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে এলাকার সার্বিক উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখব।’
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে ত্রিলোচনপুর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থীদের তৎপরতা বাড়ছে। এরই মধ্যে সামাজিক কর্মকাণ্ড, গণসংযোগ ও তরুণদের খেলাধুলায় উৎসাহিত করার উদ্যোগের মাধ্যমে নিজের অবস্থান তুলে ধরার চেষ্টা করছেন বি এম শামিমুল ইসলাম পিকুল।
তাঁর প্রত্যাশা, তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলা, শিক্ষা ও সামাজিক উন্নয়নে সম্পৃক্ত করার মাধ্যমে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ ত্রিলোচনপুর ইউনিয়ন গড়ে তোলা সম্ভব।
news@26banglatv.com