সারা বাংলা খুলনা ঝিনাইদহ
কালীগঞ্জের কোলা ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সমাজসেবক শাহজাহান হোসেন সাজ্জাদ
২৬ বাংলা টিভি 23-Oct-2026 26
কালীগঞ্জের কোলা ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সমাজসেবক শাহজাহান হোসেন সাজ্জাদ
শাহিনুর রহমান পিন্টু, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি:
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ৩ নম্বর কোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় এসেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ শাহজাহান হোসেন (সাজ্জাদ)। দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত ও আধুনিক স্বনির্ভর ইউনিয়ন গড়ার প্রত্যয় নিয়ে তিনি ইতোমধ্যে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ ও মতবিনিময় সভা চালিয়ে যাচ্ছেন।
ইউনিয়নবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থন নিয়ে আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেছেন তিনি। পাশাপাশি সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকা এবং অসহায় ও দরিদ্র মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
মোঃ শাহজাহান হোসেন (সাজ্জাদ) কালীগঞ্জ উপজেলার ৩ নম্বর কোলা ইউনিয়নের দামোদরপুর গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে। দীর্ঘদিন ধরে ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন তিনি। স্থানীয় অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে সাধ্যমতো সহযোগিতা করে আসছেন বলে জানান।
জানা যায়, জীবিকার সন্ধানে ১৯৮৭ সালে তিনি ঢাকায় পাড়ি জমান। সেখানে ১৯৮৭ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির পাশাপাশি ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।
ছাত্র-জনতার আন্দোলনসহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণের অভিজ্ঞতা রয়েছে বলে দাবি করেন তিনি। এরশাদবিরোধী আন্দোলন এবং ২০২৪ সালের গণ-আন্দোলনেও নিজের সম্পৃক্ততার কথা জানান শাহজাহান হোসেন সাজ্জাদ।
সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডেও রয়েছে তাঁর সম্পৃক্ততা। তিনি কালীগঞ্জ ডায়াবেটিস হাসপাতালের প্রতিষ্ঠাকালীন আজীবন সদস্য এবং বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠানের কালীগঞ্জ শাখার সদস্য।
এ ছাড়া তিনি ইলেকট্রনিক্স প্রোডাক্ট ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইপিড্যাব)-এর ঝিনাইদহ জেলা শাখার সভাপতি এবং সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন বলে জানান।
ব্যবসায়িক জীবনে তিনি কালীগঞ্জ পৌরসভার নতুন বাজার, পৌরসভা রোডে অবস্থিত ‘ঢাকা অপটিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স’ এবং ‘মাই ভিশন ইলেকট্রনিক্স পার্ক’ প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন।
চেয়ারম্যান পদে নির্বাচিত হলে কোলা ইউনিয়নকে একটি আধুনিক, উন্নয়নমুখী ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান তিনি। তাঁর পরিকল্পনার মধ্যে রয়েছে সন্ত্রাস ও চাঁদাবাজি প্রতিরোধ, মাদকমুক্ত সমাজ গঠন, দুর্নীতি প্রতিরোধ, প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এবং সুশাসন প্রতিষ্ঠা।
পাশাপাশি কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান ও অবকাঠামোগত উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন তিনি। বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, নারীর ক্ষমতায়ন, প্রবীণদের কল্যাণ এবং আধুনিক তথ্যপ্রযুক্তিনির্ভর স্মার্ট ইউনিয়ন পরিষদ গড়ে তোলাও তাঁর অন্যতম লক্ষ্য।
মোঃ শাহজাহান হোসেন (সাজ্জাদ) বলেন, ‘আমি চেয়ারম্যান হয়ে ক্ষমতা ভোগ করতে চাই না, ইউনিয়নবাসীর একজন সেবক হয়ে কাজ করতে চাই। কোলা ইউনিয়নের প্রতিটি মানুষের সুখে-দুঃখে পাশে থাকতে চাই। জনগণের দোয়া ও সমর্থন পেলে ইউনিয়নের সার্বিক উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখব।’
তিনি আরও বলেন, ‘আমার স্বপ্ন একটি দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজিমুক্ত ও মাদকমুক্ত আধুনিক কোলা ইউনিয়ন গড়ে তোলা। যেখানে সাধারণ মানুষ কোনো ধরনের হয়রানি ছাড়াই ইউনিয়ন পরিষদের সেবা পাবেন। স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসনের মাধ্যমে একটি জনবান্ধব ইউনিয়ন পরিষদ প্রতিষ্ঠা করতে চাই।’
তিনি বলেন, ‘কৃষক, শ্রমিক, ব্যবসায়ী, শিক্ষার্থী, যুবসমাজ, নারী ও প্রবীণসহ সব শ্রেণি-পেশার মানুষের অধিকার ও কল্যাণে কাজ করতে চাই। বিশেষ করে যুবসমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা এবং বেকারত্ব দূরীকরণে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে গুরুত্ব দিতে চাই।’
কোলা ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে দোয়া ও সমর্থন চেয়ে শাহজাহান হোসেন সাজ্জাদ বলেন, ‘আসুন, পরিবর্তন ও উন্নয়নের জন্য সবাই ঐক্যবদ্ধ হই। দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে কোলা ইউনিয়নকে একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও উন্নয়নের মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। আমি আপনাদের শাসক নয়, সেবক হতে চাই।’
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে তাঁর গণসংযোগ ও নির্বাচনী পরিকল্পনা স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনার বিষয় হয়ে উঠেছে। এখন ইউনিয়নবাসীর সমর্থন অর্জন করে নির্বাচনী মাঠে তিনি কতটা এগিয়ে যেতে পারেন, সেটিই দেখার বিষয়।
news@26banglatv.com