সারা বাংলা রাজশাহী পাবনা
পাবনায় পৃথক অভিযানে অস্ত্র গুলিসহ গ্রেপ্তার ৪
২৬ বাংলা টিভি 22-Oct-2026 14
পাবনায় পৃথক অভিযানে অস্ত্র গুলিসহ গ্রেপ্তার ৪
তুহিন হোসেন, পাবনা প্রতিনিধি :
পাবনায় গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক দুটি অভিযানে চারটি আগ্নেয়াস্ত্র ও ১২ রাউন্ড গুলিসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের অস্ত্র ব্যবসায়ী দাবি করে পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে একাধিক অস্ত্র মামলা রয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে পাবনা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পাবনা সদর উপজেলার চরঘোষপুর গ্রামের আলাল শেখ (৫২), আমিনপুর থানার ভাটিকয়া গ্রামের জনি কাজী (২৮), ঢালারচর ইউনিয়নের রামনারায়নপুর গ্রামের জলিল মন্ডল (২৮) এবং মিরপুর গ্রামের বাবলু মন্ডল (২৬)।
পুলিশের ভাষ্য অনুযায়ী, বুধবার দিবাগত রাতে পাবনা সদর উপজেলার চরঘোষপুর এলাকায় অভিযান চালিয়ে আলাল শেখ ও জনি কাজীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে দুটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, একটি বিদেশি রিভলবার, ১২ রাউন্ড গুলি এবং অস্ত্র বিক্রির নগদ ৩০ হাজার টাকা জব্দ করা হয়।
অন্যদিকে, বৃহস্পতিবার সকালে আমিনপুর থানার ঢালারচর ইউনিয়নের রামনারায়নপুর ও সুজানগর থানার নাজিরগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে জলিল মন্ডল ও বাবলু মন্ডলকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে দুটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান ও দুটি তাজা কার্তুজ জব্দ করা হয়।
সংবাদ সম্মেলনে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার রকিবুল হাসান ইবনে রহমান জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত এবং তাঁদের বিরুদ্ধে একাধিক অস্ত্র মামলা রয়েছে। তাঁদের বিরুদ্ধে পাবনা সদর ও আমিনপুর থানায় অস্ত্র আইনে পৃথক মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
news@26banglatv.com