সারা বাংলা খুলনা ঝিনাইদহ
কালীগঞ্জের ত্রিলোচনপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় যুবদলের সাবেক নেতা এনামুল হোসেন মুকুল
২৬ বাংলা টিভি 22-Oct-2026 28
কালীগঞ্জের ত্রিলোচনপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় যুবদলের সাবেক নেতা এনামুল হোসেন মুকুল
শাহিনুর রহমান পিন্টু, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ৬ নম্বর ত্রিলোচনপুর ইউনিয়ন পরিষদের আগামী নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় এসেছেন ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও সমাজসেবক মো. এনামুল হোসেন মুকুল। ইতোমধ্যে তিনি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় চালিয়ে যাচ্ছেন।
এনামুল হোসেন মুকুল ত্রিলোচনপুর ইউনিয়নের ছোট ঘিঘাঁটি গ্রামের রায়হানুদ্দিন বিশ্বাসের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। একসময় ত্রিলোচনপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
‘জাগো জনগণ, বদলে দাও আগামীর বাংলাদেশ’—এই স্লোগানকে সামনে রেখে তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করছেন এবং আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনার কথা তুলে ধরছেন।
সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এনামুল হোসেন মুকুল জানান, জনগণের সমর্থন ও ভালোবাসা নিয়ে তিনি একটি আধুনিক, উন্নত ও আদর্শ ইউনিয়ন গড়ে তুলতে চান। তাঁর লক্ষ্য সৎ, দক্ষ ও জবাবদিহিমূলক নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে ইউনিয়নের সার্বিক উন্নয়ন নিশ্চিত করা।
তিনি বলেন, ‘দক্ষ ও সৎ নেতৃত্বের মাধ্যমে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চাই। দুর্নীতিমুক্ত সমাজ গঠন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং সড়ক, বিদ্যুৎসহ অবকাঠামোগত উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি কৃষক, শ্রমিক ও সাধারণ মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করে দলমত-নির্বিশেষে সবার জন্য সমান সুযোগ-সুবিধা প্রতিষ্ঠা করতে চাই।’
নিজের রাজনৈতিক জীবনের নানা প্রতিকূলতার কথা তুলে ধরে এনামুল হোসেন মুকুল দাবি করেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক কারণে তাঁকে বিভিন্নভাবে নির্যাতন ও হয়রানির শিকার হতে হয়েছে। তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর চালানো হয়েছে। এমনকি ২০১৮ সালে তাঁর বিরুদ্ধে দুটি মিথ্যা মামলা দায়ের করা হয় বলে তিনি দাবি করেন। এসব মামলায় তাঁকে প্রায় দুই মাস কারাভোগ করতে হয়েছে।
তিনি আরও বলেন, ‘রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতা ও নির্যাতনের শিকার হলেও সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং এলাকার উন্নয়নে কাজ করার প্রত্যয় থেকে কখনো পিছিয়ে যাইনি। আগামী দিনেও ত্রিলোচনপুর ইউনিয়নের মানুষের সুখে-দুঃখে পাশে থাকতে চাই।’
এনামুল হক মুকুল বলেন, ‘আমি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার সুযোগ পেলে ইউনিয়ন পরিষদকে সাধারণ মানুষের আস্থা ও সেবার প্রতিষ্ঠানে পরিণত করতে চাই। যেখানে কোনো ধরনের বৈষম্য, দুর্নীতি কিংবা স্বজনপ্রীতির স্থান থাকবে না। জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে একটি মডেল ইউনিয়ন গড়ে তোলাই হবে আমার প্রধান লক্ষ্য।’
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ অব্যাহত রাখার পাশাপাশি তিনি ইউনিয়নবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।
news@26banglatv.com