সারা বাংলা খুলনা ঝিনাইদহ
কালীগঞ্জে ১১ নম্বর রাখালগাছি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মো. আজিবর রহমানের গণসংযোগ।
২৬ বাংলা টিভি 11-Oct-2026 14
কালীগঞ্জে ১১ নম্বর রাখালগাছি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মো. আজিবর রহমানের গণসংযোগ।
শাহিনুর রহমান পিন্টু, ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ১১ নম্বর রাখালগাছি ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনকে সামনে রেখে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, সাবেক শিক্ষক ও সাংবাদিক মো. আজিবর রহমান। ইউনিয়নের বিভিন্ন হাটবাজার, চায়ের দোকান ও পাড়া-মহল্লায় সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করছেন তিনি। একই সঙ্গে তুলে ধরছেন ইউনিয়নের উন্নয়ন নিয়ে নিজের পরিকল্পনা ও প্রত্যাশার কথা।
রোববার (১১ অক্টোবর) সকাল থেকে রাখালগাছি ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন তিনি। এ সময় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাঁদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন।
ইংরেজি সাহিত্যে উচ্চশিক্ষা গ্রহণের পর কালীগঞ্জের ঐতিহ্যবাহী নলডাঙা ভূষণ পাইলট উচ্চ বিদ্যালয়ে দীর্ঘদিন ইংরেজি শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন আজিবর রহমান। পাশাপাশি দেশের প্রথম সারির ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের সাংবাদিক হিসেবেও কাজ করেছেন তিনি।
আজিবর রহমানের ভাষ্য অনুযায়ী, ছাত্রজীবন থেকেই তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত। ১৯৭৯ সালে অষ্টম শ্রেণিতে পড়ার সময় তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আহ্বানে খাল কাটা কর্মসূচিতে অংশ নেন। তাঁর দাবি, দুইবার জিয়াউর রহমানের উপস্থিতিতে ওই কর্মসূচিতে অংশ নেওয়ার অভিজ্ঞতা তাঁকে বিএনপির রাজনৈতিক আদর্শের প্রতি আকৃষ্ট করে।
দীর্ঘ শিক্ষকতা জীবনে সরাসরি দলীয় পদ-পদবি গ্রহণ না করলেও বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে জানান তিনি।
রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতার মুখোমুখি হওয়ার কথাও তুলে ধরেন আজিবর রহমান। তাঁর অভিযোগ, ১৯৯৬ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাঁর স্ত্রী সংরক্ষিত নারী সদস্য পদে নির্বাচিত হওয়ার পর রাজনৈতিক প্রতিপক্ষের হামলা ও লাঞ্ছনার শিকার হন। পরবর্তী সময়ে ২০১৪ সালে তাঁর বাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়। একই বছর তাঁর ও ছেলের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা দেওয়া হয়েছিল বলেও দাবি করেন তিনি।
এ ছাড়া ২০২৪ সালের জুলাইয়ের ছাত্র-জনতার আন্দোলনে তিনি ও তাঁর মেজো ছেলে শাহরিয়ার আলম সোহাগ সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন বলে জানান।
এদিকে, আজিবর রহমানের নির্বাচনী গণসংযোগকে ঘিরে তাঁর সমর্থকদের মধ্যে উৎসাহ দেখা গেছে।
স্থানীয় বাসিন্দা মো. মিলন হোসেন বলেন, আজিবর রহমান একজন উচ্চশিক্ষিত, সৎ, পরোপকারী ও ক্রীড়াপ্রেমী মানুষ। তিনি চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়নের শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি, খেলাধুলা ও অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন বলে তাঁদের প্রত্যাশা।
অপর বাসিন্দা মো. আবু সালাম বলেন, আজিবর রহমান একজন সাহসী ও শিক্ষিত মানুষ। তাঁকে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হিসেবে দেখতে চান তাঁরা। এ লক্ষ্যে তাঁর সমর্থকেরা ঐক্যবদ্ধভাবে কাজ করছেন।
এ বিষয়ে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. আজিবর রহমান বলেন,
"আমি জীবনের দীর্ঘ সময় শিক্ষকতা ও সাংবাদিকতার মাধ্যমে মানুষের সেবা করেছি। রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েও শহীদ জিয়ার আদর্শ থেকে সরে আসিনি। রাখালগাছি ইউনিয়নের মানুষের সুখে-দুঃখে পাশে থাকতে চাই। দল আমাকে যোগ্য মনে করে মনোনয়ন দিলে জনগণকে সঙ্গে নিয়ে একটি আধুনিক, উন্নত ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন গড়ে তুলব, ইনশাআল্লাহ।"
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন সাবেক এই শিক্ষক ও সাংবাদিক।
শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগব্যবস্থা ও সামাজিক উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে রাখালগাছি ইউনিয়নকে একটি আধুনিক ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেছেন তিনি।
news@26banglatv.com