সারা বাংলা খুলনা নড়াইল
নড়াইলে জমি বিক্রির পুরোনো ইস্যু সামনে এনে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকের নামে মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগ
২৬ বাংলা টিভি 18-Sep-2026 34
নড়াইলে জমি বিক্রির পুরোনো ইস্যু সামনে এনে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকের নামে মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগ
নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া লক্ষ্মীপাশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের জমি বিক্রি সংক্রান্ত একটি ঘটনাকে কেন্দ্র করে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কে এম রেজাউল ইসলামের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের ও হয়রানির অভিযোগ উঠেছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়।
ভুক্তভোগী সাবেক প্রধান শিক্ষক কে এম রেজাউল ইসলাম জানান, তিনি গত বছরের ১১ ফেব্রুয়ারি (২০২৫) সুনামের সঙ্গে অবসরগ্রহণ করেন। অবসরের দিন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আনোয়ার হোসেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং অন্য ৫ জন শিক্ষকের উপস্থিতিতে বিদ্যালয়ের সমস্ত আসবাবপত্র, নথিপত্র ও হিসাব বুঝিয়ে দিয়ে তিনি অফিশিয়াল রিসিভ কপি গ্রহণ করেন।
তার অভিযোগ, বর্তমানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিদ্যালয়ের কিছু গুরুত্বপূর্ণ কাগজ ও নথি গোপন রেখেছেন। প্রায় ১২ বছর আগে তৎকালীন ম্যানেজিং কমিটির সভাপতি ও সাবেক সংসদ সদস্য শেখ হাফিজুর রহমানসহ সকল সদস্যের সর্বসম্মত সিদ্ধান্তে বিদ্যালয়ের একটি জমি বিক্রি করা হয়। সেই বিক্রিত জমির টাকায় বিদ্যালয়ের ভোকেশনাল শাখার ৪টি শ্রেণিকক্ষ নির্মাণ করা হয়। বর্তমানে সেই মীমাংসিত পুরোনো বিষয়টি সামনে এনে সম্পূর্ণ অনৈতিকভাবে তার ওপর আর্থিক দায় চাপানো হচ্ছে এবং বিভিন্ন মাধ্যমে চাঁদা বা টাকা দাবি করা হচ্ছে।
সাবেক এই শিক্ষক আরও বলেন, “আমার অবসরের দীর্ঘদিন পর একটি মীমাংসিত বিষয় নিয়ে কুচক্রী মহল আমাকে সামাজিকভাবে হেয় ও হয়রানি করার অপচেষ্টা চালাচ্ছে। আমি এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।”
এ বিষয়ে এলএল গালস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহিনুর রহমান বলেন, “সভাপতি সাজ্জাদ সিকদারকে নিয়ে আমার যে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, সেখানে আমার বক্তব্য অত্যন্ত স্পষ্ট। সেটি দেখলেই বিষয়টি পরিষ্কার হয়ে যাবে।”
অন্যদিকে, বিদ্যালয়ের বর্তমান অ্যাডহক কমিটির সভাপতি সাজ্জাদ হোসেন সিকদার বলেন, “আমার ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য একটি কুচক্রী মহল এ ধরনের অপপ্রচার চালাচ্ছে। এ ঘটনার সঙ্গে আমি বিন্দুমাত্র জড়িত নই এবং এ বিষয়ে কিছুই জানি না।”
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আনোয়ার হোসেন জানান, “ বিষয়টি আমি শুনেছি। অভিযোগের সত্যতা যাচাইয়ে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
news@26banglatv.com