সারা বাংলা খুলনা নড়াইল
নড়াইলে কয়লা কারখানার মালিকের সংবাদ সম্মেলন. সময় টিভি প্রতিনিধির বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ ও প্রতিবেদকদের প্রতিবাদ
২৬ বাংলা টিভি 15-Sep-2026 21
নড়াইলে কয়লা কারখানার মালিকের সংবাদ সম্মেলন. সময় টিভি প্রতিনিধির বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ ও প্রতিবেদকদের প্রতিবাদ
নড়াইল প্রতিনিধি: নড়াইল সদর উপজেলার বিছালি এলাকায় একটি কয়লা কারখানার নিউজ করার ভয় দেখিয়ে চাঁদা দাবির অভিযোগ উঠেছে সময় টেলিভিশনের জেলা প্রতিনিধি সজীব রহমান ও দৈনিক স্বাধীন দেশের প্রতিনিধি রাসেল হুসাইনের বিরুদ্ধে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বিছালীতে নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন কারখানার মালিক ও বিছালী ইউনিয়ন জামায়াতে ইসলামীর যুব বিভাগের সভাপতি মো. হাসিবুল মোল্ল্যা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হাসিবুল মোল্ল্যা দাবি করেন, গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকালে অভিযুক্ত দুই সংবাদকর্মী তার কয়লা কারখানায় আসেন। এ সময় তারা কারখানার নিউজ করার ভয় দেখিয়ে ১০ হাজার টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তারা পরদিন আবারও আসার কথা বলে চলে যান।
পূর্বের ঘোষণা অনুযায়ী গত শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে তারা আবার কার্যালয়ে এসে চাঁদার টাকা পরিশোধের জন্য চাপ সৃষ্টি করেন বলে অভিযোগ করেন তিনি। এ নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে স্থানীয়রা এগিয়ে এসে ঘটনা শুনে ক্ষুব্ধ হন এবং দুজনকে আটকে রেখে বিছালী পুলিশ ক্যাম্পে খবর দেন। পরে পুলিশ এসে তাদের হেফাজতে নেয়। পরবর্তীতে ওই দুই সংবাদকর্মী ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকবেন মর্মে মুচলেকা বা ক্ষমা চেয়ে ছাড়া পান বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়। এ সময় তিনি ঘটনার কিছু প্রমাণ উপস্থাপন করে প্রশাসনের কাছে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করে দৈনিক স্বাধীন দেশের প্রতিনিধি রাসেল হুসাইন বলেন, "আমরা একটি অবৈধ কয়লা কারখানার বিষয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে তারা আমাদের ম্যানেজ করার চেষ্টা করে। তাতে ব্যর্থ হয়ে আমাদের বিরুদ্ধে চাঁদা দাবির এই মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ আনা হয়েছে।"
সময় টিভি প্রতিনিধি সজীব রহমান ও সংশ্লিষ্ট সাংবাদিকদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, জামায়াত নেতার নিজস্ব অনিয়ম ঢাকতেই এই 'চাঁদা দাবি'র নাটক সাজানো হয়েছে। স্বাধীন সাংবাদিকতায় বাধা দেওয়া এবং নিজেদের অপকর্ম থেকে রক্ষা পেতেই এই মনগড়া অভিযোগ করা হয়েছে বলে তারা এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন।
news@26banglatv.com