সারা বাংলা খুলনা ঝিনাইদহ
ঝিনাইদহ কালীগঞ্জে তথ্যপ্রযুক্তির সহায়তায় দীর্ঘদিনের পলাতক ৪ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার
২৬ বাংলা টিভি 22-Aug-2026 16
ঝিনাইদহ কালীগঞ্জে তথ্যপ্রযুক্তির সহায়তায় দীর্ঘদিনের পলাতক ৪ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার
ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে তথ্যপ্রযুক্তির সহায়তায় দীর্ঘদিন ধরে পলাতক থাকা ৪ পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে কালীগঞ্জ থানা পুলিশ।
শুক্রবার (২১ আগস্ট ২০২৬) কালীগঞ্জ থানার এসআই হাসানুজ্জামানের নেতৃত্বে এএসআই মো. মামুনুর রশিদ, এএসআই খলিলুর রহমানসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন—কালীগঞ্জ উপজেলার বলিদাপাড়া গ্রামের মৃত আক্কাচ আলীর ছেলে মো. আমিরুল ইসলাম ও মো. আক্তারুল ইসলাম। অপর দুজন হলেন উপজেলার উল্যা গ্রামের আব্দুল গনি লস্করের ছেলে সোহেল রানা এবং নিশ্চিন্তপুর গ্রামের নির্মল কুমার দাসের ছেলে হৃদয় দাস।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত চার আসামির মধ্যে আমিরুল ইসলাম ও আক্তারুল ইসলাম জিআর মামলার এবং সোহেল রানা ও হৃদয় দাস সিআর মামলার পরোয়ানাভুক্ত আসামি। তারা দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পলাতক ছিলেন।
পরবর্তীতে আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ তাদের অবস্থান শনাক্ত করে। পরে নির্ধারিত স্থানে অভিযান পরিচালনা করে পরোয়ানামূলে চারজনকে গ্রেপ্তার করা হয়।
কালীগঞ্জ থানার পুলিশ জানায়, ঝিনাইদহ জেলার পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, পিপিএম-এর সার্বিক দিকনির্দেশনায় এবং কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেনের নেতৃত্বে এলাকায় অপরাধ দমন, মাদক উদ্ধার, চোরাই মালামাল উদ্ধার ও পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে নিয়মিত বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ আরও জানায়, জনস্বার্থে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং আদালতের পরোয়ানা কার্যকর করতে কালীগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
news@26banglatv.com