সারা বাংলা খুলনা ঝিনাইদহ
ঝিনাইদহের শৈলকুপার হাটফাজিলপুরে সারের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান,একলক্ষ টাকা জরিমানা আদায়!
২৬ বাংলা টিভি 20-Aug-2026 17
ঝিনাইদহের শৈলকুপার হাটফাজিলপুরে সারের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান,একলক্ষ টাকা জরিমানা আদায়!
ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হাটফাজিলপুর বাজারে বুধবার দুপুরে কৃষকদের কাছ থেকে অতিরিক্ত দামে সার বিক্রি এবং বিক্রির সময় রশিদ না দেওয়ার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন শৈলকুপা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) দেবার্শীষ অধিকারী।
হাটফাজিলপুর বাজারে অবস্থিত মেসার্স মোল্লা ট্রেডার্স এর স্বত্বাধিকারী মনোয়ার মোল্লার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ১ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি এবং ক্রেতাকে রশিদ না দেওয়া আইনের লঙ্ঘন। কৃষক যাতে হয়রানির শিকার না হন এবং ন্যায্য মূল্যে সার পান, সেজন্য এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সহকারী কমিশনার দেবার্শীষ অধিকারী জানান, বাজারে কোনো ধরনের অনিয়ম, কৃত্রিম সংকট বা অতিরিক্ত মুনাফা করার সুযোগ দেওয়া হবে না। সার-কীটনাশকের কারসাজির বিরুদ্ধে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।
শৈলকুপায় সার নিয়ে অনিয়মের অভিযোগ নতুন নয়। এর আগেও বিভিন্ন বাজারে অবৈধ মজুদ ও বেশি দামে সার বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালত জরিমানা করেছেন।
কৃষি অফিসার আরিফুজ্জামান জানিয়েছেন, যারা বাড়তি দামে ইউরিয়া ও অন্যান্য সার বিক্রি করছে বা মজুদ করছে তাদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে।
স্থানীয় কৃষকরা বলছেন, প্রশাসনের এই উদ্যোগে তারা স্বস্তি পেয়েছেন। ন্যায্য দামে সার পাওয়া গেলে আবাদের খরচ কমবে এবং ফলন বাড়বে।
উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুর রহমান জানান, ভবিষ্যতে কেউ সরকারি নিয়ম ভেঙে সার বিক্রি করলে, রশিদ না দিলে বা মজুদ করে কৃত্রিম সংকট তৈরি করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে লাইসেন্স বাতিল পর্যন্ত করা হতে পারে।
news@26banglatv.com