সারা বাংলা খুলনা নড়াইল
অধিকার ও দায়িত্ব সচেতনতাই সংকটের স্থায়ী সমাধান, নড়াইলে হাসনাত আবদুল্লাহ
২৬ বাংলা টিভি 25-Jul-2026 12
অধিকার ও দায়িত্ব সচেতনতাই সংকটের স্থায়ী সমাধান, নড়াইলে হাসনাত আবদুল্লাহ
নড়াইল প্রতিনিধি: জনগণ যদি নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি নিজেদের অর্পিত দায়িত্বও সঠিকভাবে পালন করে, তবেই দেশের বিদ্যমান নানা সংকট ও সমস্যার স্থায়ী সমাধান সম্ভব বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।
শনিবার (২৫ জুলাই) বিকেলে নড়াইল টার্মিনাল মুক্তমঞ্চে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত ‘জুলাই পদযাত্রা ও পথসভা’য় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। জুলাই আন্দোলনের চেতনা ধরে রাখা এবং রাষ্ট্র সংস্কারের রূপরেখা বাস্তবায়নের দাবিতে এই কর্মসূচির আয়োজন করা হয়।
বক্তব্যে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেন, "জাতীয় নাগরিক পার্টি বর্তমানে সারাদেশেই সাংগঠনিক কার্যক্রম জোরদার করছে। এর অংশ হিসেবে আমরা প্রতিটি উপজেলায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করছি এবং তাঁদের দাবি-দাওয়া শুনছি।" দেশের বিদ্যমান সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি থেকে উত্তরণে তিনি জনগণকে নিজ নিজ নাগরিক অধিকারের পাশাপাশি রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সচেতন হওয়ার উদাত্ত আহ্বান জানান।
পথসভায় এনসিপির অন্যান্য বক্তারা দেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরে বলেন, দ্রুত গণভোটের রায় বাস্তবায়ন ও জনমতের প্রতিফলন নিশ্চিত করতে হবে। একইসঙ্গে পুলিশ প্রশাসন ও বিচারব্যবস্থার আমূল সংস্কার এবং দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত সুরক্ষা জোরদার করার জোরালো দাবি জানান তাঁরা।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য ড. মাহমুদা মিতু, এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনাইদ, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফরিদুল হকসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী।
news@26banglatv.com