Logo
রবিবার | ১৬ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা নড়াইল

নড়াইলে চানাচুর কিনতে গিয়ে আর ফেরা হলো না শিশু জান্নাতুলের ,ধর্ষণের পর নৃশংস হত্যার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে: এলাকায় শোক ও ক্ষোভ

২৬ বাংলা টিভি   21-Jul-2026   21

Photo

নড়াইলে চানাচুর কিনতে গিয়ে আর ফেরা হলো না শিশু জান্নাতুলের ,ধর্ষণের পর নৃশংস হত্যার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে: এলাকায় শোক ও ক্ষোভ


মোস্তফা কামাল, নড়াইল : হাতে চানাচুরের প্যাকেট নিয়ে খিলখিল করে হেসে বাড়ির দিকে রওনা হয়েছিল পাঁচ বছরের অবুঝ শিশু জান্নাতুল। কিন্তু সেই হাসিমুখের আনন্দ মুহূর্তেই পরিণত হলো এক বিভীষিকাময় ট্র্যাজেডিতে। বাড়ি ফেরা আর হয়নি তার। পাশবিকতার শিকার হয়ে না-ফেরার দেশে চলে যেতে হলো এই নিষ্পাপ শিশুটিকে।
নড়াইল সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের পাঁচুড়িয়া পাড়ায় সোমবার (২০ জুলাই) সন্ধ্যায় ঘটে এই মর্মান্তিক ঘটনা। স্থানীয় মফিজুর রহমানের পাঁচ বছর বয়সী কন্যা জান্নাতুলকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে প্রতিবেশী মোঃ রবিউল ইসলাম রবির (৩০) বিরুদ্ধে। অভিযুক্ত রবিউল ওই গ্রামের মোঃ আতিয়ারের ছেলে। ঘটনার পর থেকেই সে পলাতক রয়েছে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় জান্নাতুলকে তার বাবা বাড়ির পাশের দোকান থেকে চানাচুর কিনে দেন। চানাচুর হাতে নিয়ে আনন্দের সঙ্গেই বাড়ির পথ ধরেছিল ছোট্ট জান্নাতুল। কিন্তু দীর্ঘ সময় পার হয়ে গেলেও শিশুটি ঘরে না ফেরায় স্বজনদের মনে শঙ্কা জাগে। তারা চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন।
একপর্যায়ে সন্দেহ হলে প্রতিবেশী রবিউল ইসলামের ঘরে তল্লাশি চালান স্বজন ও স্থানীয়রা। সেখানে ঘরের এক কোণে কাঁথা দিয়ে মুড়িয়ে রাখা অবস্থায় পাওয়া যায় জান্নাতুলের নিথর দেহ। তখন রবিউল ঘরে ছিল না। সংজ্ঞাহীন ও আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নড়াইল জেলা হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাঃ আসিফ আকবর জানান, "শিশুটিকে যখন হাসপাতালে আনা হয়, তখন সে ইতোমধ্যেই মারা গিয়েছিল। তার শরীরে আঘাতের স্পষ্ট চিহ্ন রয়েছে। প্রাথমিক পর্যবেক্ষণে পাশবিক নির্যাতনের আলামত পরিলক্ষিত হয়েছে। বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হয়েছে এবং ময়নাতদন্তের প্রস্তুতি চলছে।"
একমাত্র কন্যাসন্তানকে হারিয়ে মা-বাবার আহাজারিতে ভারী হয়ে উঠেছে রামচন্দ্রপুরের আকাশ-বাতাস। কান্নাজড়িত কণ্ঠে জান্নাতুলের স্বজন ও স্থানীয় এলাকাবাসী বলেন, "একটি অবুঝ শিশুকে এভাবে তিলে তিলে মেরে ফেলা কোন মানুষের কাজ হতে পারে না। আমরা নরপশু রবিউলের কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যাতে আর কোনো মায়ের বুক এভাবে খালি না হয়।"
ঘটনার সত্যতা নিশ্চিত করে নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাকিবুল হাসান বলেন, "ঘটনাটি অত্যন্ত নৃশংস ও দুঃখজনক। খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্ত রবিউলকে ইতোমধ্যে আমরা শনাক্ত করতে পেরেছি। তাকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম অভিযানে নেমেছে। অপরাধী পার পাবে না, তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির মুখোমুখি করা হবে।"
এলাকাবাসীর দাবি, কোনো অজুহাতেই যেন এই জঘন্য অপরাধের বিচার বিলম্বিত না হয় এবং দ্রুততম সময়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি প্রদান করা হয়।


news@26banglatv.com


Photo

ভারতে মসজিদে সমীক্ষা ঘিরে সংঘাত, নিহত বেড়ে ৪

ভারতের উত্তরপ্রদেশের সামভালে মুঘল আমলে তৈরি একটি মসজিদ ঘিরে তৈরি হওয়া...

Photo

ক্যাশলেস ইকোনমির নতুন অধ্যায় বাংলা কিউআর

ডেস্ক রিপোর্ট: শপিংমল হোক কিংবা মুদির দোকান— টাকা পরিশোধের...

Photo

যেসব কারণে প্রথম দিনই মুলতবি ভারতের শীতকালীন সংসদ অধিবেশন

ভারতে সোমবার থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। আগামী ২০ ডিসেম্বর...

Photo

৮ কুকুর ছানা হত্যা: পাবনায় এক নারীর বিরুদ্ধে মামলা দায়ের

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত