সারা বাংলা খুলনা যশোর
প্রভাতী ট্রেনসহ ৬ দফা দাবিতে যশোর রেল জংশনে অবস্থান কর্মসূচি পালন
২৬ বাংলা টিভি 06-Jul-2026 26
প্রভাতী ট্রেনসহ ৬ দফা দাবিতে যশোর রেল জংশনে অবস্থান কর্মসূচি পালন
স্টাফ রিপোর্টার।। ঢাকা-যশোর পদ্মা সেতু রেল প্রকল্পে যশোরবাসীকে কাঙ্ক্ষিত রেলসেবা প্রদান এবং অবিলম্বে ভোরবেলা যশোর থেকে ঢাকাগামী ও সন্ধ্যায় ঢাকা থেকে যশোরমুখী আন্তঃনগর ‘প্রভাতী ট্রেন’ চালুসহ ৬ দফা দাবিতে যশোর রেলওয়ে জংশনে অবস্থান কর্মসূচি পালন করেছেন সর্বস্তরের মানুষ।
সোমবার (৬ জুলাই) দুপুর ১টায় ‘বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটি’র উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষ অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, ‘ঢাকা-যশোর পদ্মা সেতু রেল প্রকল্প’ চালু হলেও যশোরবাসী এখনো প্রত্যাশিত রেলসেবা থেকে বঞ্চিত। প্রকল্পের নাম যশোরের নামে হলেও ট্রেনের সংখ্যা ও সময়সূচিতে যশোরকে অবহেলা করা হয়েছে। বর্তমান শিডিউল ব্যবসায়ী, চাকরিজীবী, শিক্ষার্থী ও চিকিৎসাসেবাপ্রত্যাশী যাত্রীদের চাহিদা পূরণে ব্যর্থ হচ্ছে। বিশেষ করে ভোরে ঢাকাগামী একটি আন্তঃনগর ট্রেন না থাকায় প্রতিদিন যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
অবস্থান কর্মসূচি থেকেআন্দোলনকারীরা ৬ দফা দাবি উত্থাপন করেন।
দাবিগুলো হলো,বেনাপোল -দর্শনা-যশোর-ঢাকা রুটে অবিলম্বে ‘প্রভাতী’ আন্তঃনগর ট্রেনসহ তিনটি নতুন ট্রেন চালু, সব আন্তঃনগর ট্রেনে পর্যাপ্ত সাধারণ কোচ সংযোজন, দর্শনা-খুলনা ও বেনাপোল-যশোর রুটে দ্রুত ডাবল রেললাইন নির্মাণ, সীমান্ত এলাকা থেকে যশোর হয়ে ঢাকাগামী নিয়মিত কমিউটার ট্রেন চালু, সিঙ্গিয়া রেলস্টেশনে ইনল্যান্ড কনটেইনার টার্মিনাল (আইসিটি) স্থাপন এবং রেল ব্যবস্থার উন্নয়নে কার্যকর রাষ্ট্রীয় উদ্যোগ গ্রহণ।
সংগ্রাম কমিটির নেতারা বলেন, ২০২৩ সাল থেকে তারা স্মারকলিপি, মানববন্ধন ও বিক্ষোভসহ বিভিন্ন শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে আসছেন। কিন্তু এখনো দাবিগুলো বাস্তবায়িত হয়নি। দ্রুত দাবি পূরণ না হলে আগামীতে রেল অবরোধসহ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
কর্মসূচিতে সংগ্রাম কমিটির আহ্বায়ক কাওসার আলী, সদস্য সচিব প্রকৌশলী রুহুল আমিন, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান ভিটুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিপুলসংখ্যক সাধারণ যাত্রী উপস্থিত ছিলেন।
news@26banglatv.com