সারা বাংলা খুলনা নড়াইল
নড়াইলে ১১ দলীয় ঐক্যের সমাবেশে গণভোটের রায় দ্রুত বাস্তবায়নে বিলম্ব বা টালবাহানা করলে রাজপথে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি
২৬ বাংলা টিভি 04-Jul-2026 35
নড়াইলে ১১ দলীয় ঐক্যের সমাবেশে গণভোটের রায় দ্রুত বাস্তবায়নে বিলম্ব বা টালবাহানা করলে রাজপথে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি
নড়াইল প্রতিনিধি: নড়াইলে জুলাই সনদ এবং গত ১২ ফেব্রুয়ারির ঐতিহাসিক গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে গণমিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় জোট। এই দাবিতে জেলাজুড়ে তীব্র গণআন্দোলন গড়ে তোলার প্রত্যয় নিয়ে নড়াইল জেলা ১১ দলীয় ঐক্যের উদ্যোগে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (৪ জুলাই) বিকেলে নড়াইল পুরাতন বাস টার্মিনাল চত্বরে এই বিক্ষোভ সমাবেশ ও গণমিছিলের আয়োজন করা হয়। দুপুরের পর থেকেই জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে ব্যানার-ফেস্টুনসহ ১১ দলীয় ঐক্যের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ সমাবেশস্থলে এসে জড়ো হতে থাকেন।
পুরাতন বাস টার্মিনাল এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ শেষে একটি গণমিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান বাণিজ্যিক কেন্দ্র রূপগঞ্জ মুচিরপোলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মোড় প্রদক্ষিণ করে। এ সময় আন্দোলনকারীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো শহর। পরে মিছিলটি পুনরায় নড়াইল পুরাতন বাস টার্মিনাল এলাকায় এসে শেষ হয়।
গণমিছিল-পূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির মো. আতাউর রহমান বাচ্চু। জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ কায়সারের সঞ্চালনায় সমাবেশে জেলার শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ বক্তব্য দেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. আতাউর রহমান বাচ্চু বলেন,"গত ১২ ফেব্রুয়ারির গণভোটে দেশের আপামর জনগণ যে ঐতিহাসিক রায় দিয়েছে, তার প্রতি সম্মান জানানো সরকারের সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব। জনগণ স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে রায় দিয়েছে। এই রায়কে অবজ্ঞা করার সুযোগ কারও নেই। সরকারকে অবিলম্বে 'জুলাই সনদ' পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে।"
বক্তারা সরকারের উদ্দেশ্যে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, জুলাই সনদ বাস্তবায়নে কোনো ধরনের বিলম্ব, গড়িমসি বা টালবাহানা দেশের সচেতন জনগণ মেনে নেবে না। যদি জনগণের আকাঙ্ক্ষা পূরণে অবহেলা করা হয়, তবে অতীতের গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় রাজপথে আবারও বৃহত্তর ও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
সমাবেশে আরও বক্তব্য দেন , জেলা জামায়াত নায়েবে আমির মো. জাকির হোসেন বিশ্বাস, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আলমগীর হোসাইন, সদর উপজেলা জামায়াত আমির হাফেজ আব্দুল্লাহ আল আমিন ,কালিয়া উপজেলা জামায়াত আমির মাওলানা তরিকুল ইসলাম, নড়াইল পৌর জামায়াত আমির মাস্টার জাকির হোসেন ।
এছাড়াও সমাবেশে সংহতি প্রকাশ করে উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদের সদস্য হেমায়েতুল হক হিমু ও জামিরুল হক টুটুল, জেলা শ্রমিক কল্যাণ পরিষদের সভাপতি মো. আকিদুল ইসলাম এবং সেক্রেটারি মিরাজুল ইসলামসহ ১১ দলীয় ঐক্যের জেলা ও উপজেলা পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী।
সমাবেশ থেকে আগামী দিনগুলোতে জুলাই সনদ বাস্তবায়নের আন্দোলনকে আরও বেগবান করতে সাধারণ জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।
news@26banglatv.com