সারা বাংলা খুলনা নড়াইল
নড়াইলে ইসলামী ব্যাংকের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও চেয়ারম্যানের অপসারণ দাবিতে গ্রাহকদের মানববন্ধন
২৬ বাংলা টিভি 02-Jun-2026 24
নড়াইলে ইসলামী ব্যাংকের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও চেয়ারম্যানের অপসারণ দাবিতে গ্রাহকদের মানববন্ধন
নড়াইল প্রতিনিধি:
বাংলাদেশ ইসলামী ব্যাংক পিএলসি-এর নতুন চেয়ারম্যান মো. খুরশীদ আলমের অপসারণ, ব্যাংকের স্থিতিশীলতা, গ্রাহক আস্থা ও সুশাসন রক্ষাসহ সকল প্রকার ষড়যন্ত্র বন্ধের দাবিতে নড়াইলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (০২ জুন) সকাল ১০টায় ব্যাংকের সামনের সড়কে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
'ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম নড়াইল'-এর আয়োজনে প্রায় ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি অধ্যক্ষ মাকসুদুর রহমান। এ সময় ব্যাংকের গ্রাহকদের পক্ষে বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরে বক্তব্য দেন মো. জাফর আলী খান, মাও. শরিফুল ইসলাম, শেখ আসাদুজ্জামান, মাও. আবু তালেব ও মো. রিয়াজুল ইসলামসহ আরও অনেকে। বক্তারা অভিযোগ করে বলেন, গত ২৪ মে সরকারের হস্তক্ষেপে ব্যাংকের তৎকালীন চেয়ারম্যান পদত্যাগে বাধ্য হন এবং ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খানকে ছুটিতে পাঠানো হয়। পরবর্তীতে বাংলাদেশ ব্যাংক থেকে প্রজ্ঞাপন জারি করে সাবেক ডেপুটি গভর্নর খুরশীদ আলমকে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়, যা গ্রাহকরা সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করছেন। এই নিয়োগ বাতিল করে পূর্বের ব্যবস্থাপনা পুনর্বহাল এবং ব্যাংকের প্রকৃত মালিকদের নিয়ে নতুন করে পরিচালনা পর্ষদ গঠনের দাবি জানান তারা। ব্যাংকের গ্রাহকদের আস্থা, স্থিতিশীলতা ও সুশাসন নিশ্চিত করতে ইসলামী ব্যাংকের ওপর গভর্নরের তথাকথিত 'অবৈধ হস্তক্ষেপ' বন্ধের জোর দাবি জানানো হয়। ব্যাংক খাতের শৃঙ্খলা ফেরাতে বিতর্কিত ব্যবসায়ী এস আলমকে দেশে ফিরিয়ে এনে দ্রুত বিচার কার্যকর করার দাবি জানান বক্তারা।
মানববন্ধনে ইসলামী ব্যাংকের সাধারণ গ্রাহক, স্থানীয় ব্যবসায়ী, শিক্ষক, ও উলামায়ে কেরামসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। তারা অনতিবিলম্বে ব্যাংকের গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনতে কেন্দ্রীয় ব্যাংককে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।#
news@26banglatv.com