সারা বাংলা রাজশাহী সিরাজগঞ্জ
সিরাজগঞ্জে জাল ভোটের অভিযোগে যুবকের দুই বছরের কারাদণ্ড
২৬ বাংলা টিভি 12-Feb-2026 40
সিরাজগঞ্জে জাল ভোটের অভিযোগে যুবকের দুই বছরের কারাদণ্ড
ইউসুফউজ্জামান ইমরান, সিরাজগঞ্জ থেকে :
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জাল ভোট দেওয়ার অভিযোগে মো. রুবেল হোসেন নামে এক যুবককে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ৩টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসান আহম্মেদ খান এই দণ্ডাদেশ প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত রুবেল হোসেন উপজেলার কয়ড়া চরপাড়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে। স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, দুপুর দেড়টার দিকে তিনি উল্লাপাড়া উপজেলার কয়ড়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রের একটি বুথে জাল ভোট দেওয়ার চেষ্টা করেন। বিষয়টি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নজরে এলে তাকে তাৎক্ষণিকভাবে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয় বলে নিশ্চিত করেছেন উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা এ টি এম আরিফ। তিনি বলেন, নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে এমন অনিয়মের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থান অব্যাহত থাকবে।
news@26banglatv.com