Logo
সোমবার | ২৬ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

আন্তর্জাতিক

ইসলামাবাদ অভিমুখে ইমরান সমর্থকরা, সংঘর্ষে পুলিশ সদস্য নিহত

২৬ বাংলা টিভি   26-Nov-2024   27

Photo

পাঞ্জাব প্রদেশে ইমরান সমর্থকরা সড়ক থেকে কনটেইনার সরিয়ে ইসলামাবাদের দিকে এগিয়ে যাচ্ছেন। ছবি : এএফপি


পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে আন্দোলনরতদের সঙ্গে নিরাপত্তাবাহিনীর সংঘর্ষে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় ইমরান খানের কয়েক ডজন সমর্থক আহত হয়েছেন। আজ সোমবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের কাছেই এ ঘটনা ঘটে।

দেশটির একজন মন্ত্রী এবং ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) বরাতে এ খবর জানিয়েছে রয়টার্স। গতকাল থেকেই কারাবন্দী ইমরান খানের ডাকা বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে পাকিস্তান। রাজধানী ইসলামাবাদ অভিমুখে দলটির নেতা-কর্মীরা মিছিল এগুতে থাকেন। তবে আগে থেকেই ইসলামাবাদ অভিমুখের সড়কে ব্যারিকেড দেয় কর্তৃপক্ষ। পিটিআই সমর্থকদের গ্রেপ্তার ও পুলিশের টিয়ারগ্যাস নিক্ষেপের খবরও আসে। এছাড়া সেখানকার ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, ইমরান খানের পক্ষের বিক্ষোভকারীদের দূরে রাখতে পূর্বাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশের সঙ্গে গণপরিবহন বন্ধ করে দেওয়া হয়েছে।

ইমরান খানের ৮০ জন সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে প্রাদেশিক তথ্যমন্ত্রী উজমা বুখারি বলেছেন, ‘আমরা রাজধানীতে কোনো ধরনের বিশৃঙ্খলা করতে দেব না।’

এক সংবাদ সম্মেলনে তিনি জানান, ইসলামাবাদের ঠিক বাইরে সংঘর্ষে একজন পুলিশ কর্মকর্তা গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এছাড়া অন্তত ৭০ জন আহত হয়েছেন। প্রদেশের বাইরেও কোথাও কোথাও সংঘর্ষের খবর পাওয়া গেছে।
ইমরান খানের দল পিটিআই বলছে, তাদের বহু নেতা-কর্মী আহত হয়েছেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, সোমবার বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর তিন দিনের সফরে পাকিস্তান এসেছেন। এজন্য রাজধানীতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে রবিবার দেশটির পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদলও পাকিস্তানে এসেছে।
পিটিআই বলছে, বিক্ষোভকারীদের ঠেকাতে চড়াও হয়েছে সরকার। তাদের শত শত নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

ইমরান খানের রাজনৈতিক সহযোগী শওকত ইউসুফজাই জিও নিউজ টিভিকে বলেছেন, ‘সরকারি বাহিনী সরাসরি গুলি চালাচ্ছে।

পুলিশ এক বিবৃতিতে বলেছে, ইসলামাবাদে জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। কর্তৃপক্ষ ইসলামাবাদ, রাওয়ালপিন্ডিসহ আশপাশের এলাকার সমস্ত স্কুল বন্ধ করে দিয়েছে। ওইসব এলাকা সামাজিক যোগাযোগ মাধ্যমও ধীরগতির হয়ে গেছে। গত ১৩ নভেম্বর ইমরান খান এই সমাবেশের ঘোষণা দিয়েছিলেন। তিনি এটিকে ‘চূড়ান্ত আহ্বান’ বলে উল্লেখ করেন। তিনি দাবি করেন, ২৬তম সংশোধনী বাতিল ও জনগণের চুরি যাওয়া ম্যান্ডেট পুনঃপ্রতিষ্ঠার জন্য এই প্রতিবাদ।

গত বছরের আগস্টে ইমরান খানকে কারাগারে পাঠানোর পর থেকে পিটিআই তার মুক্তির দাবিতে নানা কর্মসূচি পালন করেছে। অক্টোবরের শুরুর দিকে ইসলামাবাদে দলটির সাম্প্রতিকতম বিক্ষোভ সহিংস রূপ নেয়।

গতকাল রবিবার পাকিস্তানের বিভিন্ন প্রান্ত থেকে ইসলামাবাদে বিক্ষোভ-সমাবেশে যোগ দিতে গাড়িবহর নিয়ে ছুটতে দেখা যায় কর্মী-সমর্থকদের। রবিবার রাতে ইসলামাবাদের কাছে একটি খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী ও পিটিআই নেতা আলী আমিন গান্দাপুরের গাড়িবহর এসে পৌঁছায়। এতে যুক্ত হন ইমরান খানের স্ত্রী বুশরা বিবি। অ্যাটকোর পার্শ্ববর্তী ঘাজি সেতুর কাছে পৌঁছালে নিজের গাড়িতে বসেই সমর্থকদের উদ্দেশে বক্তব্য দেন বুশরা। এ সময় তিনি ইমরান খানকে নিয়ে ফেরার প্রত্যয় ব্যক্ত করেন। গাড়িবহরের ধীরগতির জন্য বুশরার কণ্ঠে হতাশার কথা শোনা যায়।


news@26banglatv.com


Photo

ঝিনাইদহে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশ ও র‌্যালিতে জনতার ঢল

শিপলু জামান , ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে  ঐতিহাসিক...

Photo

আরটিভির প্রতিনিধি সম্মেলন- ২০২৬: পুরস্কার পেলেন যারা

শাহিনুর রহমান পিন্টু, দেশব্যাপী কর্মরত জেলা ও উপজেলা পর্যায়ের...

Photo

ঝিনাইদহ কালীগঞ্জে টাকার অভাবে চিকিৎসাসংকটে প্রতিবন্ধী শিশু রাবেয়া,

শিপলু জামান  ঝিনাইদহ  : ঝিনাইদহের কালীগঞ্জের কাশিপুর এলাকার...

Photo

আবারও বিয়ের পিঁড়িতে হিরো আলম, পাত্রী কে

বিনোদন ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত