সারা বাংলা খুলনা যশোর
দারিদ্র্য ও শারীরিক সীমাবদ্ধতাকে উপেক্ষা করে এগিয়ে চলছে কিশোরী আরিফা
২৬ বাংলা টিভি 01-Dec-2025 43
দারিদ্র্য ও শারীরিক সীমাবদ্ধতাকে উপেক্ষা করে এগিয়ে চলছে কিশোরী আরিফা
মোঃ ওসমান গনি, বেনাপোল (যশোর) প্রতিনিধিঃ
এক চোখে দৃষ্টি নেই, অন্য চোখেও দেখেন আবছা। থাকার ঘরটিও নড়বড়ে, যেখানে রোদ-বৃষ্টির খেলা নিত্যসঙ্গী। কিন্তু এই ঘোর অমানিশাও দমাতে পারেনি শার্শার কিশোরী আরিফা আক্তারকে। সব প্রতিবন্ধকতা পেরিয়ে এবারের এসএসসি পরীক্ষায় আরিফা অর্জন করেছে জিপিএ-৫। বাবা ভ্যানচালক সোহরাব হোসেন। দিনে যার আয় মাত্র দুই-তিনশ টাকা, সেই বাবার ঘামঝরা পরিশ্রম আর নিজের অদম্য ইচ্ছাশক্তিতেই আরিফা বুনছে আকাশছোঁয়া স্বপ্ন। স্বপ্ন ডাক্তার হওয়ার। ভর্তি হয়েছেন ১৮ কিলোমিটার দূরের পার্শবর্তী উপজেলা কলারোয়া সরকারি কলেজের বিজ্ঞান বিভাগে। কিন্তু অর্থের অভাবে যাতায়াত খরচ বা নতুন বই কোনোটাই জোটেনি তার কপালে। চিকিৎসা তো দূরের কথা, দুবেলা খাবার জোগানোটাই যেখানে সংগ্রাম। যশোরের শার্শা উপজেলার দিঘা গ্রামের একটি ভাঙা মাটির ঘরে বসবাস আরিফার পরিবারের।
আরিফা জানান, আমি পড়তে চাই, ডাক্তার হতে চাই। কিন্তু আমার ভ্যানচালক বাবা আর কতদিন পারবে জানি না। সরকার বা সমাজের কেউ যদি একটু পাশে দাঁড়াতো, আমার স্বপ্নটা নষ্ট হতো না। ‘অনেক দিন টাকা না থাকায় ক্লাসে যেতে পারি না। এইচএসসির ক্লাস শুরু হলেও বইগুলো এখনো কেনা হয়নি। সহপাঠীদের কাছ থেকে ধার নিয়ে পড়ছি। নিজের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী আরিফা। কিন্তু পরিবারের অনিশ্চিত অর্থনৈতিক অবস্থাই তার সবচেয়ে বড় প্রতিবন্ধকতা।’
আরিফার বাবা সোহারাব হোসেন বলেন, মেয়ে চোখে দেখে না, তাও ওর পড়ার ইচ্ছা দেখে আমি হাল ছাড়িনি। ও ডাক্তার হতে চায়, এই স্বপ্নেই আমি বেঁচে আছি। আমি ভ্যান চালিয়ে সংসারের খরচ চালিয়ে মেয়ের লেখাপড়ার চালাতে পারিনা।
শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. কাজী নাজিব হাসান বলেন, আরিফার এই সাফল্যে মুগ্ধ শার্শা উপজেলা প্রশাসন। মেধাবী এই শিক্ষার্থীর পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন তিনি। দৃষ্টি প্রতিবন্ধী হয়েও আরিফার এমন অসাধারণ সাফল্য সত্যিই অনুকরণীয়। দারিদ্র্য ও শারীরিক সীমাবদ্ধতাকে উপেক্ষা করে যে দৃঢ়তার সঙ্গে সে এগিয়ে যাচ্ছে, তা আমাদের সবাইকে অনুপ্রাণিত করে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আরিফার শিক্ষাজীবনে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। আমরা চাই, এ ধরনের মেধাবী শিক্ষার্থীর স্বপ্ন কোনো বাধায় থেমে না যায়।
news@26banglatv.com