সারা বাংলা রাজশাহী রাজশাহী
ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখে দিতে হবে : আমির খসরু
২৬ বাংলা টিভি 01-Nov-2025 48
ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখে দিতে হবে : আমির খসরু
রাজশাহী প্রতিনিধি :
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ঐকমত্য কমিশনসহ দুই-তিনটি দল তাদের মতামত জোর করে বিএনপি ও জনগণের ওপর চাপিয়ে দেয়ার ষড়যন্ত্র করছে। সে ষড়যন্ত্র পরিহার করে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দিতে হবে। জনগণের সিদ্ধান্ত জনগণকেই নিতে দিতে হবে। যারা নির্বাচন বানচাল করতে চায়, বিলম্বিত করতে চায় বা প্রশ্নবিদ্ধ করতে চায়, তাদের বিরুদ্ধে সকল ব্যবসায়ীদেরকেও ঐক্যবদ্ধভাবে সোচ্চার হতে হবে।
আজ শনিবার (১নভেম্বর) দুপুরে নগরীর জেলা পরিষদ মিলনায়তনে রাজশাহী বিভাগীয় ব্যবসায়ী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির সমালোচনা করে সাবেক এ বাণিজ্যমন্ত্রী বলেন, দেশের ব্যবসা-বাণিজ্যের অবস্থা খুব খারাপ। ব্যবসায়ীরা বিনিয়োগে আগ্রহ হারিয়ে ফেলেছেন। ব্যবসায়ীরা বলছেন, ফেব্রুয়ারি কেন, পারলে এখনই নির্বাচন দিন-অন্তত আমাদের মুক্তি দিন।
আমীর খসরু বলেন, ঐকমত্য হয়েছে, স্বাক্ষরও হয়েছে। এর বাইরে গিয়ে এখন নতুন নতুন দাবি তোলা হচ্ছে। ঐক্যমত্য কমিশনে যারা আছেন, আপনাদের দাবি রাজনীতিবীদদের ওপর চাপাতে চান, জনগণের ওপর চাপাতে চান, তাদের প্রতি আমার অনুরোধ- আপনারা যে যেই কাজ করতেন আগে, ওই জায়গায় ফিরে যান। বাংলাদেশের মানুষকে তাদের সিদ্ধান্ত নিতে দিতে দেন। আমি অনুরোধ করছি, আপনারা স্ব-স্ব কাজে ফিরে যান। বাংলাদেশের মানুষকে তাদের সিদ্ধান্ত নেওয়ার জন্য দয়া করে তাদের ওপরেই ছেড়ে দেন। আপনাদেরকে এই দায়িত্ব কেউ দেয় নাই।’
তিনি বলেন, শুধু রাজনৈতিক গণতন্ত্র প্রতিষ্ঠা করলেই হবে না, অর্থনীতিকেও গণতন্ত্রায়ন করা জরুরি। অর্থনীতিকে গণতন্ত্রায়নের অর্থ হলো, অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণ ও মালিকানা যেন মুষ্টিমেয় কিছু মানুষের হাতে না থেকে জনগণ, শ্রমিক, ভোক্তা, সরবরাহকারী ও বৃহত্তর সম্প্রদায়ের হাতে ছড়িয়ে পড়ে। এতে সাধারণ মানুষও উন্নয়নের অংশীদার হতে পারবে। অতীতের অর্থনৈতিক মডেল সাধারণ মানুষের জন্য কাজ করেনি, একটি গোষ্ঠীর স্বার্থ রক্ষা করেছে। বিএনপি ক্ষমতায় গেলে সবার জন্য অর্থনীতি চালু করবে, যাতে উন্নয়নের সুফল সবাই পায়।
আমীর খসরু বলেন, যে দলগুলো তাদের দাবি-দাওয়া পূরণ করতে চায়, তাদের জনগণের কাছে যেতে হবে, জনগণের মতামত নিতে হবে, জনগণের ম্যান্ডেট নিতে হবে। কারও মতামত জনগণের ওপর চাপিয়ে দেওয়া চলবে না।
এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- বিএনপির চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা, রাসিকের সাবেক মেয়র ও এমপি মিজানুর রহমান মিনু। বক্তব্য রাখেন, রাজশাহী চেম্বারের সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ সুমন, নাটোর চেম্বারের সভাপতি আব্দুল মান্নান, নওগাঁ চেম্বারের সাবেক সভাপতি আলহাজ জাহাঙ্গীর হোসেন, জয়পুরহাট চেম্বারের সাবেক সভাপতি আমিনুল বারি, হিলি বন্দর আমদানি-রপ্তানি গ্রুপের সভাপতি ফেরদৌস হক এবং সোনামসজিদ স্থলবন্দর গ্রুপের সভাপতি আলহাজ একরামুল হক।
news@26banglatv.com