Logo
শুক্রবার | ১৩ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা ময়মনসিংহ নেত্রকোণা

১১ বছরের শিশু ধর্ষণ সেই মাদ্রাসা শিক্ষক সাগরের মৃত্যুদণ্ড

২৬ বাংলা টিভি   11-Nov-2026   17

Photo

১১ বছরের শিশু ধর্ষণ সেই মাদ্রাসা শিক্ষক সাগরের মৃত্যুদণ্ড


নেত্রকোনা প্রতিনিধি :

নেত্রকোনার মদনে ১১বছর বয়সী এক শিশুকে ধর্ষণ করে অন্তঃসত্ত্বা করার মামলায় মাদ্রাসা শিক্ষক আমান উল্লাহ মাহমুদী সাগরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। হুমকি দেওয়ার বিষয়টি প্রমাণিত না হওয়ায় তাঁর ভাই মাইমুন ওরফে মামুন মিয়াকে খালাস প্রদান করা হয়। বুধবার (১১ নভেম্বর) দুপুরে নেত্রকোনার নারী ও শিশু সহিংসতা ট্রাইব্যুনালের বিচারক মো. আব্দুছ ছালাম এ রায় ঘোষণা করেন। আদালত আসামিদের উপস্থিতিতে মামলার সাক্ষীদের জবানবন্দি, ডিএনএ পরীক্ষার প্রতিবেদনসহ অন্যান্য বৈজ্ঞানিক তথ্য-প্রমাণ পর্যালোচনা করে এ আদেশ দেন।

নারী ও শিশু সহিংসতা ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট নুরুল কবির রুবেল রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, মৃত্যুদণ্ডের পাশাপাশি প্রধান আসামি সাগরকে ১লাখ টাকা জরিমানা করেছেন বিজ্ঞ আদালত।

তিনি আরও জানান, ধর্ষণের ফলে জন্মগ্রহণ করা নবজাতক আমান উল্লাহ মাহমুদী সাগরের সন্তান হিসাবে পরিচিত হবে এবং সেই অনুযায়ী শিশুর জন্ম নিবন্ধন হবে। তবে এই সন্তানের সমস্ত ব্যয়ভার রাষ্ট্র বহন করবে বলে আদালত মতামত দেন। আর এই অর্থ রাষ্ট্র সাগরের নিকট থেকে আদায় করতে পারবে বলে নির্দেশনা দেয়া হয়।

আদালত ও মামলার এজাহার সূত্রে জানা যায়, মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের পাঁচহার বড়বাড়ি এলাকার একটি মহিলা কওমি মাদ্রাসায় পড়াশোনা করত শিশুটি। মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা পরিচালক ও শিক্ষক ছিলেন আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগর। শিশুটির মা-বাবার বিচ্ছেদের পর সে নানার বাড়িতে থেকে ওই মাদ্রাসায় পড়াশোনা করত। তার মা জীবিকার তাগিদে সিলেটে গৃহপরিচারিকার কাজ করতেন। 

দুই আসামির বিরুদ্ধে অভিযোগপত্র

ডিএনএ পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর মামলার তদন্ত কর্মকর্তা মদন থানার উপপরিদর্শক (এসআই) মো. আক্তারুজ্জামান গত ২৭আগস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এতে প্রধান আসামি সাগরের পাশাপাশি তাঁর ভাই মাইমুন ওরফে মামুন মিয়াকে অভিযুক্ত করা হয়।

তাঁদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারা এবং দণ্ডবিধির ৫০৬ ধারায় অভিযোগ আনা হয়। ১০ জনের সাক্ষ্য, ২৮ অক্টোবর যুক্তিতর্ক শেষ

অভিযোগপত্র দাখিলের পর মামলাটির বিচারিক কার্যক্রম শুরু হয়। বিচার চলাকালে আদালত ১০জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। এ সময় রাষ্ট্রপক্ষ ডিএনএ পরীক্ষার প্রতিবেদনসহ বিভিন্ন বৈজ্ঞানিক তথ্য-প্রমাণ আদালতে উপস্থাপন করে। গত ২৮অক্টোবর রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। ওই দিন আদালত ১১নভেম্বর রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেন। আজ বুধবার পূর্বনির্ধারিত দিনে সাক্ষ্য-প্রমাণ ও বৈজ্ঞানিক পরীক্ষার প্রতিবেদন পর্যালোচনা করে আদালত প্রধান আসামি সাগরকে মৃত্যুদণ্ড এবং তাঁর ভাই মামুনকে খালাস প্রদান করে।

অভিযোগ অনুযায়ী, মাদ্রাসায় পড়াশোনার সময় বিভিন্ন সময়ে মসজিদের বারান্দা ও মাদ্রাসার কক্ষ ঝাড়ু দেয়ার কথা বলে মাদ্রাসা শিক্ষক সাগর শিশুটিকে একাধিকবার ধর্ষণ করেন। একপর্যায়ে শিশুটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।

চিকিৎসকের পরীক্ষায় অন্তঃসত্ত্বা হওয়ার তথ্য

গত ১৮ এপ্রিল মদন পৌর শহরের একটি ক্লিনিকে শিশুটির শারীরিক পরীক্ষা করানো হয়। পরীক্ষা শেষে চিকিৎসক শিশুটি সাত মাসের অন্তঃসত্ত্বা বিষয়টি জানায়। তখন তার বয়স ছিল মাত্র ১১ বছর। 

উল্লেখ, এ ঘটনায় ২৩ এপ্রিল শিশুটির মা বাদী হয়ে মদন থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলায় মাদ্রাসা শিক্ষক সাগর ও তাঁর ভাই মাইমুন ওরফে মামুন মিয়াকে আসামি করা হয়।

মামলা দায়েরের পর আত্মগোপনে চলে যান প্রধান আসামি সাগর। পরে ৬ মে ভোরে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা থেকে র‌্যাব-১৪-এর সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেন। পরে তাঁকে মদন থানায় হস্তান্তর করা হয়।

৭ মে সাগরকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আদালত তাঁর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে কারাগারে পাঠানো হয়।

ডিএনএ পরীক্ষার নির্দেশ ও শিশুর নিরাপত্তা

১০মে তদন্ত কর্মকর্তা প্রধান আসামির ডিএনএ পরীক্ষার আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। এদিকে শিশুটির নিরাপত্তা ও সুরক্ষার কথা বিবেচনা করে তার মায়ের আবেদনের পরিপ্রেক্ষিতে ১২মে তাকে সমাজসেবা অধিদপ্তর পরিচালিত সিলেটের একটি নিরাপদ আশ্রয়কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন আদালত।

আদালতের নির্দেশে ১৬মে সাগরকে ঢাকায় সিআইডির কার্যালয়ে নেওয়া হয়। পরদিন ১৭মে তাঁর ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়।

কন্যা সন্তানের জন্ম, ডিএনএ পরীক্ষায় মিল

সিলেটের নিরাপদ আশ্রয় কেন্দ্রে থাকা অবস্থায় গত ২জুলাই শিশুটি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে একটি কন্যা সন্তানের জন্ম দেয়।

নবজাতকের পিতৃত্ব নিশ্চিত করতে ৯জুলাই তদন্ত কর্মকর্তা আদালতে ডিএনএ পরীক্ষার আবেদন করেন। পরে আদালতের নির্দেশে ২৮জুলাই নবজাতকের নমুনা সংগ্রহ করেন সিআইডির সদস্যরা। এর আগে সংগ্রহ করা সাগরের ডিএনএ নমুনার সঙ্গে নবজাতকের নমুনা পরীক্ষা করা হয়।

সিআইডির পরীক্ষায় নবজাতকের সঙ্গে সাগরের ডিএনএর ৯৯.৯৯ শতাংশ মিল পাওয়া যায়। 


news@26banglatv.com


Photo

অসুস্থ শ্রমিককে আর্থিক সহায়তা প্রদান করলো কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক ইউনিয়ন

ঝিনাইদহ প্রতিনিধিঃ কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক...

Photo

ক্যাশলেস ইকোনমির নতুন অধ্যায় বাংলা কিউআর

ডেস্ক রিপোর্ট: শপিংমল হোক কিংবা মুদির দোকান— টাকা পরিশোধের...

Photo

সড়ক নাকি গোয়ালঘর, ঝিনাইদহে গবাদিপশুর মুক্ত বিচরণে নাভিশ্বাস পথচারীদের

শিপলু জামান , ঝিনাইদহঃ ঝিনাইদহ পৌরসভার মূল সড়ক ও অলিগলি দেখে...

Photo

তিন কলেজের সংঘাত : গুলিবিদ্ধসহ আহত ৩৫ জন ঢামেকে

সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন সময়ে তাদের আহত অবস্থায় হাসপাতালের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত