সারা বাংলা খুলনা ঝিনাইদহ
ঝিনাইদহের ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত: ১ লাখ টাকা জরিমানা ও কিলন ভাঙচুর
২৬ বাংলা টিভি 10-Nov-2026 22
ঝিনাইদহের ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত: ১ লাখ টাকা জরিমানা ও কিলন ভাঙচুর
ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের মহেশপুর উপজেলায় পরিবেশ আইন অমান্য করে অবৈধভাবে কার্যক্রম পরিচালনার দায়ে ‘রুমা ব্রিকস’ নামক একটি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অভিযানে ভাটাটিকে ১ লাখ টাকা অর্থদণ্ড আদায়ের পাশাপাশি এর কিলন (ভাটার চুল্লি) আংশিক ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) পরিবেশ অধিদপ্তর, ঝিনাইদহ জেলা কার্যালয়ের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় এই মোবাইল কোর্ট পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার কাজিরবেড় ইউনিয়নের জিন্নানগর এলাকায় অবস্থিত ‘রুমা ব্রিকস’ নামের ইটভাটাটি ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত, ২০১৯)’ এর ধারা ৫(১) লঙ্ঘন করে অবৈধভাবে কার্যক্রম পরিচালনা করে আসছিল। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে দোষ প্রমাণিত হওয়ায় আদালত ভাটা কর্তৃপক্ষকে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা জরিমানা ধার্য করেন এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করেন। একই সাথে ভবিষ্যতে আইন অমান্য করে আর কোনো অবৈধ কার্যক্রম পরিচালনা করা হবে না মর্মে মুচলেকা গ্রহণ করা হয় এবং পরিবেশের ক্ষতিসাধন রোধে ভাটার কিলন আংশিক ভেঙে দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালতে বিচারিক দায়িত্ব পালন করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব অতনু সাহা। অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কমল কুমার বর্মন। এছাড়া মোবাইল কোর্ট পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন পরিবেশ অধিদপ্তরের ডাটা এন্ট্রি অপারেটর মীর গিয়াস উদ্দিন, নমুনা সংগ্রহকারী মো. কামরুজ্জামান এবং জেলা আনসার ব্যাটালিয়ন ও পুলিশের দুটি চৌকস দল।
পরিবেশ অধিদপ্তর, ঝিনাইদহ জেলা কার্যালয় জানিয়েছে, জনস্বাস্থ্য ও পরিবেশ রক্ষার্থে অবৈধ ইটভাটা এবং পরিবেশ দূষণকারী বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ ধরনের কঠোর অভিযান ও আইনি পদক্ষেপ ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
news@26banglatv.com