সারা বাংলা খুলনা ঝিনাইদহ
কালীগঞ্জে ৪০ বস্তা ভেজাল টিএসপি সার জব্দ, দুই ব্যক্তিকে ২৫ হাজার টাকা জরিমানা
২৬ বাংলা টিভি 30-Oct-2026 11
কালীগঞ্জে ৪০ বস্তা ভেজাল টিএসপি সার জব্দ, দুই ব্যক্তিকে ২৫ হাজার টাকা জরিমানা
শাহিনুর রহমান পিন্টু, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে ৪০ বস্তা টিএসপি সার উপজেলার বাইরে নিয়ে বিক্রির চেষ্টাকালে পিকআপ ভ্যানসহ দুই ব্যক্তিকে আটক করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে জব্দকৃত সার ভেজাল প্রমাণিত হওয়ায় তা ধ্বংস করা হয়।
জানা গেছে, উপজেলার ৪নং নিয়ামতপুর ইউনিয়নের মহেশ্বরচাঁদা বাজার থেকে ৪০ বস্তা টিএসপি সার পিকআপ ভ্যানে করে উপজেলার বাইরে অন্যত্র নিয়ে বিক্রির চেষ্টা করা হচ্ছিল। এ সময় অভিযান চালিয়ে পিকআপ ভ্যানসহ দুই ব্যক্তিকে আটক করা হয়।
পরে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাওয়ানা নাহিদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ অনুযায়ী ২৫ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয় এবং ৪০ বস্তা সার জব্দ করা হয়।
অভিযানকালে উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনি উপস্থিত থেকে প্রসিকিউশন দাখিল করেন। পরবর্তীতে জব্দকৃত সার পরীক্ষা-নিরীক্ষায় ভেজাল প্রমাণিত হওয়ায় কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ও উপজেলা কৃষি কর্মকর্তার উপস্থিতিতে সেগুলো ধ্বংস করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় পুলিশের একটি চৌকস দল সার্বিক সহযোগিতা করে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, কৃষকদের স্বার্থ রক্ষা, ভেজাল সার বিক্রি প্রতিরোধ এবং সার ব্যবস্থাপনায় শৃঙ্খলা বজায় রাখতে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
news@26banglatv.com