সারা বাংলা খুলনা ঝিনাইদহ
সিপিবি কার্যালয়ে হামলা প্রতিবাদে ঝিনাইদহে মশাল মিছিল
২৬ বাংলা টিভি 29-Oct-2026 11
সিপিবি কার্যালয়ে হামলা প্রতিবাদে ঝিনাইদহে মশাল মিছিল
ঝিনাইদহ প্রতিনিধি: রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)-এর কেন্দ্রীয় কার্যালয়ে হামলা, বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধা প্রদান এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে মব-সন্ত্রাসের প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় গণতান্ত্রিক যুক্তফ্রন্ট ঝিনাইদহ জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি আয়োজিত হয়। মিছিলটি শহরের এইচএসএস সড়ক থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ পথ প্রদক্ষিণ শেষে পায়রা চত্ত্বরে গিয়ে এক বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ঝিনাইদহ জেলা সভাপতি কমরেড স্বপন বাগচীর সভাপতিত্বে এবং জেলা সাধারণ সম্পাদক আবু তোয়াব অপুর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)-এর জেলা আহ্বায়ক অ্যাডভোকেট আসাদুল ইসলাম আসাদ সহ যুক্তফ্রন্টের অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, গত ২৭ অক্টোবর রাতে সিপিবি কার্যালয়ে কথিত ‘নিষিদ্ধ সংগঠনের সদস্য’ অবস্থানের মিথ্যা অপবাদ দিয়ে একদল উগ্র ও উশৃঙ্খল ব্যক্তি লাঠিসোটা নিয়ে হামলা চালায়। পুলিশ উপস্থিত থাকা সত্ত্বেও কার্যালয় দীর্ঘ সময় অবরুদ্ধ রাখা হয়। একই সাথে বাউল গানসহ সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা এবং ধানমন্ডিতে মানববন্ধনে অংশ নেওয়া সিপিবি ও যুব ইউনিয়নের নেতাদের গ্রেফতারের তীব্র নিন্দা জানান তারা।
নেতৃবৃন্দ অভিযোগ করেন, মুক্তিযুদ্ধকালীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অন্যতম সাক্ষী বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে পিরোজপুরে বাধা দেওয়ার ঘটনা এবং ঝিনাইদহ বাস টার্মিনাল এলাকার বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান চত্ত্বরে হামলার ঘটনায় আইনানুগ ব্যবস্থা না নিয়ে সরকার দোদুল্যমান নীতি গ্রহণ করেছে। এর ফলে স্বাধীনতাবিরোধী ও উগ্রবাদী গোষ্ঠী প্রশ্রয় পাচ্ছে, যা দেশকে পাকিস্তানি ভাবধারার দিকে ঠেলে দিচ্ছে।
সমাবেশ থেকে নেতৃবৃন্দ দেশের গণতান্ত্রিক পরিবেশ, রাজনৈতিক সহাবস্থান এবং সংস্কৃতির স্বাধীনতা রক্ষা করার আহ্বান জানান। একই সাথে অবিলম্বে সিপিবি কার্যালয়ে হামলাকারী, দাফনে বাধাদানকারী এবং প্রগতিশীল কর্মকাণ্ডে হামলাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
news@26banglatv.com