সারা বাংলা খুলনা ঝিনাইদহ
কালীগঞ্জে ডোপ টেস্টে মাদক সেবনের প্রমাণ, পাঁচজনের সশ্রম কারাদণ্ড
২৬ বাংলা টিভি 27-Oct-2026 15
কালীগঞ্জে ডোপ টেস্টে মাদক সেবনের প্রমাণ, পাঁচজনের সশ্রম কারাদণ্ড
শাহিনুর রহমান পিন্টু, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে মাদকবিরোধী অভিযানে আটক পাঁচজনের ডোপ টেস্টে মাদক সেবনের প্রমাণ পাওয়ায় বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) কালীগঞ্জ থানার এসআই রানা প্রতাপ ঘোষ ও এসআই মো. মারুফ হাসান সঙ্গীয় ফোর্সসহ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে পাঁচজনকে আটক করেন। পরে ডোপ টেস্টে তাঁদের মাদক সেবনের প্রমাণ পাওয়া গেলে আদালতে সোপর্দ করা হয়।
আদালত সামারি ট্রায়ালের (সংক্ষিপ্ত বিচার) মাধ্যমে তাঁদের বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন—কালীগঞ্জ উপজেলার ষাটবাড়ীয়া গ্রামের জুয়েল মন্ডল (৩৫)। তাঁকে এক বছরের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়। বালিয়াডাঙ্গা গ্রামের সম্রাট মির্জা (১৯) ও ঈশ্বরবা গ্রামের সম্রাট বিশ্বাসকে (২০) ১০ মাস করে সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা করে জরিমানা করা হয়।
এ ছাড়া বালিয়াডাঙ্গা গ্রামের মাহিন ইসলাম (২০) ও ইমন মির্জাকে (২৮) সাত মাস করে সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে জরিমানা করা হয়। আদালত জরিমানা অনাদায়ে জুয়েল মন্ডলকে অতিরিক্ত ১৫ দিন, সম্রাট মির্জা ও সম্রাট বিশ্বাসকে ১৪ দিন করে এবং মাহিন ইসলাম ও ইমন মির্জাকে সাত দিন করে সশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় এ দণ্ড প্রদান করা হয়। বিচারিক কার্যক্রম শেষে দণ্ডপ্রাপ্ত পাঁচজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
news@26banglatv.com