সারা বাংলা খুলনা ঝিনাইদহ
ঋণের চাপে উসমান দিশেহারা
২৬ বাংলা টিভি 26-Oct-2026 9
ঋণের চাপে উসমান দিশেহারা
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের সামনে থেকে চুরি হওয়া ইজিবাইক এক মাসেও উদ্ধার হয়নি। এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়ার পর সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে চুরির সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত ও তার ঠিকানা শনাক্ত করা হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী চালক মো. উসমান হোসেন। তবে এখনো ইজিবাইক উদ্ধার কিংবা অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়নি বলে অভিযোগ তার।
রোববার (২৫ অক্টোবর) মহেশপুর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে চুরি হওয়া ইজিবাইক দ্রুত উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে গ্রেপ্তারের জন্য পুলিশের জরুরি হস্তক্ষেপ কামনা করেন উসমান হোসেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩০ সেপ্টেম্বর সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের সামনে নিজের ইজিবাইকটি রেখে ভেতরে যান তিনি। পরে সকাল ১০টার দিকে ফিরে এসে দেখেন, ইজিবাইকটি সেখানে নেই। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও সেটির সন্ধান না পেয়ে মহেশপুর থানায় অভিযোগ দায়ের করেন তিনি।
ভুক্তভোগী উসমান হোসেন জানান, চুরি হওয়া ইজিবাইকটির আনুমানিক মূল্য এক লাখ ৮০ হাজার টাকা। ইজিবাইকটি ছিল তার পরিবারের জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন। এটি কেনার জন্য একটি এনজিও থেকে ঋণ নিয়েছিলেন তিনি। কিন্তু ইজিবাইকটি চুরি হয়ে যাওয়ায় তার আয়-রোজগার বন্ধ হয়ে গেছে। অন্যদিকে, নিয়মিত ঋণের কিস্তি পরিশোধ করতে না পারায় চরম আর্থিক সংকটে পড়েছেন তিনি। কিস্তি আদায়ের জন্য এনজিওর লোকজন বাড়িতে এসে চাপ সৃষ্টি করছেন বলেও অভিযোগ করেন তিনি।
উসমান হোসেন বলেন, ইজিবাইকটি হারিয়ে যাওয়ার পর থেকে তার পরিবারের সদস্যদের চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাতে হচ্ছে। একদিকে উপার্জন বন্ধ, অন্যদিকে ঋণের কিস্তি পরিশোধের চাপ সব মিলিয়ে তিনি অসহায় হয়ে পড়েছেন। দীর্ঘ এক মাসেও ইজিবাইকটি ফিরে না পাওয়ায় পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তিনি।
সংবাদ সম্মেলনে উসমান হোসেন সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের কাছে দ্রুত চুরি হওয়া ইজিবাইকটি উদ্ধার এবং চুরির সঙ্গে জড়িত ব্যক্তিকে গ্রেপ্তারের দাবি জানান। একই সঙ্গে নিজের জীবিকা পুনরুদ্ধার ও পরিবারের স্বাভাবিক জীবনযাপন নিশ্চিত করতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
এ বিষয়ে মহেশপুর থানার উপপরিদর্শক (এসআই) মনিরুল জানান, অভিযোগ পাওয়ার পর থেকেই ইজিবাইকটি উদ্ধারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
news@26banglatv.com