সারা বাংলা খুলনা ঝিনাইদহ
কালীগঞ্জের ত্রিলোচনপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় শেখ শাহজাহান আলী
২৬ বাংলা টিভি 17-Oct-2026 15
কালীগঞ্জের ত্রিলোচনপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় শেখ শাহজাহান আলী
শাহিনুর রহমান পিন্টু, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ৬ নম্বর ত্রিলোচনপুর ইউনিয়ন পরিষদের আগামী নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহজাহান আলী ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। দীর্ঘদিনের সমাজসেবামূলক কর্মকাণ্ড ও সাধারণ মানুষের সঙ্গে নিবিড় সম্পর্কের কারণে তিনি এলাকায় পরিচিত মুখ। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে তাঁকে নিয়ে আলোচনা শুরু হয়েছে।
শেখ শাহজাহান আলী ত্রিলোচনপুর ইউনিয়নের পশ্চিম বালিয়াডাঙ্গা গ্রামের মৃত মাসেম আলী শেখের ছেলে। পেশায় একজন ব্যবসায়ী হলেও দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। এলাকার অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে সাধ্যমতো সহযোগিতা করে আসছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
আগামী ২০২৭ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তিনি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড, গ্রাম ও পাড়া-মহল্লায় গণসংযোগ অব্যাহত রেখেছেন। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি তাঁদের সুখ-দুঃখ, প্রত্যাশা এবং এলাকার বিদ্যমান সমস্যার কথা শুনছেন।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করে তিনি ইউনিয়নের সার্বিক উন্নয়ন, নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করার আগ্রহ প্রকাশ করছেন।
জানা গেছে, শেখ শাহজাহান আলী দীর্ঘদিন ধরে ত্রিলোচনপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত। ২০০৩ সালে তিনি প্রথমবারের মতো ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। ওই নির্বাচনে প্রতিদ্বন্দ্বী সাবরু সুবহানের কাছে অল্প ভোটের ব্যবধানে পরাজিত হন।
পরবর্তীতে ২০১১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনেও তিনি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। শেখ শাহজাহান আলীর পক্ষের দাবি, ওই নির্বাচনে তাঁর বিজয়ের সম্ভাবনা থাকলেও কয়েকটি ভোটকেন্দ্র থেকে ভোটের বাক্স ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে। তাঁদের অভিযোগ, তৎকালীন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নানের পছন্দের প্রার্থী জয়নালকে বিজয়ী করা হয়।
একইভাবে ২০১৬ সালের নির্বাচন নিয়েও শেখ শাহজাহান আলীর পক্ষ থেকে অনিয়মের অভিযোগ রয়েছে। তাঁদের দাবি, ওই নির্বাচনে কয়েকটি ভোটকেন্দ্রে ভোটের বাক্স ছিনিয়ে নেওয়াসহ নানা অনিয়মের মাধ্যমে তৎকালীন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের পছন্দের প্রার্থী নজরুল ইসলাম সানাকে বিজয়ী ঘোষণা করা হয়।
তবে বিগত দুটি নির্বাচন নিয়ে উত্থাপিত এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
একাধিকবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেও কাঙ্ক্ষিত ফলাফল না পেলেও হাল ছাড়েননি শেখ শাহজাহান আলী। তিনি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছেন এবং সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ অব্যাহত রেখেছেন।
এবার ২০২৭ সালের সম্ভাব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে নতুন করে আশার আলো দেখছেন তিনি। অতীতের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা অর্জনের মাধ্যমে নির্বাচনে সফল হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন এই চেয়ারম্যান পদপ্রার্থী।
গণসংযোগকালে শেখ শাহজাহান আলী বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে ত্রিলোচনপুর ইউনিয়নের মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। এলাকার মানুষের ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি। আমি মানুষের সেবা করতে চাই। তাঁদের সমস্যার কথা শুনে সমাধানের জন্য কাজ করাই আমার মূল লক্ষ্য।’
তিনি আরও বলেন, ‘আমি নির্বাচিত হওয়ার সুযোগ পেলে ত্রিলোচনপুর ইউনিয়নকে একটি উন্নত, সুন্দর ও জনবান্ধব এবং বাল্যবিবাহ, মাদক মুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করব। দল-মতনির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে এলাকার উন্নয়ন করতে চাই। এ জন্য ইউনিয়নবাসীর দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করছি।’
আসন্ন নির্বাচনকে সামনে রেখে শেখ শাহজাহান আলীর গণসংযোগ ও তৎপরতা ইউনিয়নের বিভিন্ন এলাকায় নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। দীর্ঘ রাজনৈতিক ও নির্বাচনী অভিজ্ঞতা, সামাজিক কর্মকাণ্ড এবং সাধারণ মানুষের সঙ্গে সম্পর্ককে কাজে লাগিয়ে তিনি এবার চেয়ারম্যান পদে বিজয়ী হওয়ার স্বপ্ন দেখছেন।
news@26banglatv.com