সারা বাংলা ময়মনসিংহ নেত্রকোণা
বাকিতে সিগারেট না দেওয়ায় দোকানদারের শরীরে আগুন, অভিযুক্ত আটক
২৬ বাংলা টিভি 02-Oct-2026 19
বাকিতে সিগারেট না দেওয়ায় দোকানদারের শরীরে আগুন, অভিযুক্ত আটক
নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার কেন্দুয়ায় বাকিতে সিগারেট না দেওয়ায় ইব্রাহিম খলিল (৩৭) নামের এক মুদী দোকানদারের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এতে দোকানীর শরীর প্রায় ৪০ভাগ পুড়ে গেছে। এ ঘটনায় অভিযুক্ত সুমন (৩১) কে রাতেই উপজেলার সহিলাটি গ্রামে অভিযান চালিয়ে আটক করে পুলিশ।
শুক্রবার বিকেলে কেন্দ্রীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার রাত ১০টার উপজেলার সাহিতপুর বাজারে দোকানীকে পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটে।
দোকানদার ইব্রাহিম খলিল উপজেলার চেংজানা গ্রামের মো. সুলতান উদ্দিনের ছেলে।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, কেন্দুয়া উপজেলার কেন্দুয়া-আটারবাড়ি সড়কের সাহিতপুর বাজারে মুদি দোকানের ব্যবসা করতেন ইব্রাহিম খলিল। একই সাথে তিনি জ্বালানি তেল পেট্রোল ও অকটেন বোতলে করে বিক্রি করতেন। খলিলের গ্রামের প্রতিবেশী মৃত কদে নেওয়াজের ছেলে সুমন বৃহস্পতিবার রাত দশটার দিকে তার দোকানে এসে বাকিতে সিগারেট চান। বাকি সিগারেট না দেওয়ায় তাদের দুজনের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে সুমন ক্ষিপ্ত হয়ে দোকানের সামনে থাকা পেট্রোলের বোতল এনে খলিলের শরীর এবং দোকানে ঢেলে দিয়ে আগুন ধরিয়ে দেন। আগুন নিভিয়ে স্থানীয় লোকজন খলিল কে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এদিকে এই ঘটনায় অভিযুক্ত সুমনকে পুলিশ অভিযান চালিয়ে রাতে আটক করে।
ওসি মো. তরিকুল ইসলাম জানান, দোকানদার খলিলের শরীরে আগুন দেওয়ার ঘটনা অভিযুক্ত সুমনকে রাতেই আটক করা হয়। শুক্রবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে নেত্রকোনা কারাগারে প্রেরণ করা হয় হয়েছে।
news@26banglatv.com