সারা বাংলা খুলনা ঝিনাইদহ
মহেশপুরে চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামিসহ ৩ জন গ্রেফতার
২৬ বাংলা টিভি 28-Sep-2026 11
মহেশপুরে চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামিসহ ৩ জন গ্রেফতার
মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতাঃ ঝিনাইদহ জেলার মহেশপুর থানা পুলিশ কর্তৃক পরিচালিত বিশেষ অভিযানে গোয়ালঘরের পানি নিষ্কাশনকে কেন্দ্র করে মারধরের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় বৃদ্ধ নিহত হওয়ার চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারনামীয় ১নং প্রধান আসামিসহ ০৩ জন আসামিকে সফলভাবে গ্রেফতার করা হয়েছে। তথ্য প্রযুক্তির সহায়তায় যশোর জেলার চৌগাছা ও কেশবপুর থানাধীন এলাকা হতে তাদেরকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৮ সেপ্টেম্বর ২০২৬ খ্রিঃ তারিখে মহেশপুর থানাধীন ১১নং মান্দারবাড়ীয়া ইউপির হুদা শ্রীরামপুর গ্রামে গোয়ালঘরে গরু গোসল করানোর সময় সামান্য পানি পার্শ্ববর্তী স্কুলের জায়গায় যাওয়াকে কেন্দ্র করে আসামিরা গালিগালাজ ও মারধর শুরু করে। এ সময় ভিকটিম আব্দুল জব্বার (৬০) বাধা দিতে গেলে আসামিরা তাকে হত্যার উদ্দেশ্যে বুক ও মাথায় কিল-ঘুষি এবং লাথি মেরে মারাত্মক রক্তজমাট জখম করে। পরবর্তীতে তাকে গুরুতর অসুস্থ অবস্থায় মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ওই দিনই সন্ধ্যা অনুমান ০৬:০৫ ঘটিকায় তিনি মৃত্যুবরণ করেন।
উক্ত ঘটনায় নিহতের স্ত্রী মোছাঃ জাহানারা খাতুন বাদী হয়ে মহেশপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-৩১, তারিখ-১৯/০৯/২০২৬ খ্রিঃ, ধারা-৩২৩/৩০২/৩৪/৫০৬ দ্য পেনাল কোড)। মামলা রুজুর পরপরই মহেশপুর থানা পুলিশের একটি বিশেষ আভিযানিক দল তদন্ত কর্মকর্তা এসআই (নিঃ) সৈকত মল্লিক-এর নেতৃত্বে আসামিদের গ্রেফতারে জোর তৎপরতা শুরু করে।
পরবর্তীতে মোবাইল সিডিআর ট্র্যাকিং ও আধুনিক তথ্য প্রযুক্তির সুনির্দিষ্ট সহায়তায় যশোর জেলার চৌগাছা এলাকায় অভিযান চালিয়ে এজাহারনামীয় আসামি মোঃ বিদ্যুৎ (২৭) ও মোঃ জেহের আলী (৫৬)-কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে ধৃত আসামিদের প্রদান করা তথ্য ও প্রযুক্তির ব্যবহারে যশোর জেলার কেশবপুর এলাকা হতে মামলার ১নং প্রধান আসামি মোঃ পলাশ (৩৭)-কে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
গ্রেফতারকৃত আসামিদেরকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ প্রক্রিয়াধীন রয়েছে।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আজাদ রহমান জানান, অপরাধী যত কৌশলেই আত্মগোপনে থাকুক না কেন, আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দেওয়া সম্ভব নয়। মহেশপুর থানা এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং যেকোনো ধরনের অপরাধ দমনে পুলিশের কঠোর অভিযান অব্যাহত থাকবে।
news@26banglatv.com