সারা বাংলা খুলনা নড়াইল
নড়াইলে মাদকসেবনে বাধা দেওয়ায় কৃষক খুন, ইউপি মেম্বার লাঞ্ছিত
২৬ বাংলা টিভি 27-Sep-2026 10
নড়াইলে মাদকসেবনে বাধা দেওয়ায় কৃষক খুন, ইউপি মেম্বার লাঞ্ছিত
নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়ায় মাদকসেবনে বাধা দেওয়ায় মানসুর মোল্যা (৪৫) নামের এক কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে হাসিব মোল্যা (২০) নামের এক যুবক পলাতক রয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার পেড়লী ইউনিয়নের কদমতলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মানসুর কদমতলা গ্রামের হাবি মোল্যার ছেলে এবং অভিযুক্ত হাসিব একই গ্রামের লিপটন মোল্যার ছেলে। এই হামলায় নূর ইসলাম নামের আরও একজন আহত হয়েছেন।
স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, মাদকসেবনে বাধা দেওয়ায় গত শুক্রবার পেড়লী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) কাসেদ মোল্যার সঙ্গে তার বংশের হাসিব মোল্যার বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে অভিযুক্ত হাসিব ইউপি মেম্বারকে কিল-ঘুষি মেরে লাঞ্ছিত করেন।
এরপর শনিবার রাত ১০টার দিকে হাসিব কদমতলা ত্রি-মোহনার মোড়ের একটি দোকানে গেলে মেম্বারের চাচাতো ভাই মানসুর ও নূর ইসলাম তার কাছে মেম্বারকে মারধরের কারণ জানতে চান। এতে ক্ষিপ্ত হয়ে হঠাৎ ধারালো অস্ত্র বের করে মানসুর ও নূর ইসলামের ওপর হামলা চালান হাসিব।
গুরুতর আহত অবস্থায় মানসুরকে প্রথমে উদ্ধার করে খুলনায় নেওয়ার পথে জামরিলডাঙ্গা ফুটবল মাঠের কাছাকাছি পৌঁছালে তিনি মারা যান। এছাড়া আহত নূর ইসলামকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ইউপি সদস্য কাসেদ মোল্যা বলেন, "হাসিব দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। তাকে মাদকসেবন করতে নিষেধ করায় সে ক্ষিপ্ত হয়ে আমাকে লাঞ্ছিত করে। পরবর্তীতে আমার চাচাতো ভাই মানসুর ও নূর ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা ও হতাহতের ঘটনা ঘটায়।"
এ বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে। পূর্ববিরোধের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। নিহত মানসুরের মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
news@26banglatv.com