সারা বাংলা খুলনা ঝিনাইদহ
ঝিনাইদহে অফিস সহায়ক নিয়োগ পরীক্ষা ঘিরে ১৪৪ ধারা জারি
২৬ বাংলা টিভি 26-Sep-2026 9
ঝিনাইদহে অফিস সহায়ক নিয়োগ পরীক্ষা ঘিরে ১৪৪ ধারা জারি
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ের সাধারণ প্রশাসনের অধীন ‘অফিস সহায়ক’ পদে নিয়োগের লিখিত পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পরীক্ষা কেন্দ্র ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।
''আগামীকাল ২৬ সেপ্টেম্বর (শনিবার) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ঝিনাইদহ কালেক্টরেট স্কুল কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। দুটি শূন্য পদের বিপরীতে এ নিয়োগ পরীক্ষা নেওয়া হচ্ছে।
জেলা প্রশাসনের নির্দেশনায় শুক্রবার (২৫ সেপ্টেম্বর) জেলা তথ্য অফিস শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় মাইকিং করে নিষেধাজ্ঞার বিষয়টি জানায়।
আদেশ অনুযায়ী, সকাল ৮টা থেকে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ও পরীক্ষা-সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া অন্যদের প্রবেশ এবং পাঁচজনের বেশি একত্রে জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। একই সময়ে কেন্দ্রের ১ কিলোমিটারের মধ্যে ফটোকপি মেশিন ব্যবহার বন্ধ থাকবে।
এছাড়া আজান ছাড়া মাইক বা প্রচারযন্ত্রের ব্যবহার, মিছিল-সমাবেশ, বই-খাতা বা প্রশ্নসদৃশ কাগজ বহন এবং শান্তিশৃঙ্খলা বিঘ্নিত হয় এমন কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে। পরীক্ষার্থীদের মোবাইল ফোনসহ যেকোনো ইলেকট্রনিক ডিভাইস কেন্দ্রে নেওয়াও নিষিদ্ধ।
নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
news@26banglatv.com