সারা বাংলা খুলনা ঝিনাইদহ
ঝিনাইদহ শৈলকুপায় জামায়াতের নেতাকর্মীদের উপর হামলা, আহত-৫, মোটর সাইকেল ভাংচুর
২৬ বাংলা টিভি 26-Sep-2026 20
ঝিনাইদহ শৈলকুপায় জামায়াতের নেতাকর্মীদের উপর হামলা, আহত-৫, মোটর সাইকেল ভাংচুর
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় গণসংযোগ থেকে ফেরার পথে জামায়াতের নেতাকর্মীদের উপর হামলার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে অন্তত ৫ জন। ভাংচুর করা হয়েছে ৩ টি মোটর সাইকেল। গতকাল বিকালে উপজেলার ধলহরাচন্দ্র ইউনিয়নের লাঙ্গলবাঁধ বাজার সংলগ্ন নতুনভুক্ত মালিথিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি মাসব্যাপী প্রচার প্রচারণার অংশ হিসেবে গণসংযোগ শেষে উপজেলার লাঙ্গলবাঁধ বাজার থেকে নেতাকর্মীরা মোটর সাইকেলে উপজেলা শহরের দিকে যাচ্ছিলো। পথে ধলহরাচন্দ্র ইউনিয়নের লাঙ্গলবাঁধ বাজার সংলগ্ন নতুনভুক্ত মালিথিয়া গ্রামে পৌঁছালে শৈলকুপা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল হোসাইন মোল্লা সমর্থকরা তাদের উপর হামলা চালায়। এতে জামায়াত কর্মী শাহিন, আব্দুল আজিজ, আবুল হোসেনসহ অন্তত ৫ জন আহত হয়। ভাংচুর করা হয় তাদের ৩ টি মোটর সাইকেল। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মাগুরা সদর হাসপাতালে পাঠায়।
উপজেলা জামায়াতের আমির এ এস এম মতিউর রহমান বলেন, আমাদের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে লাঙ্গলবাধ বাজারে কর্মসূচী পালন করেছি। বাবলু মোল্লার লোকজন পরিকল্পিত ভাবে এই হামলা করেছে। আমরা এই হামলার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সাথে তাদের আইনের আওতায় আনার দাবী জানাচ্ছি।
এ ব্যাপারে শৈলকুপা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল হোসাইন মোল্লা, আমি তো ঢাকায় আছি। তেমন কিছু বলতে পারব না। তবে শুনেছি একটু হাতাহাতি হয়েছে। সত্যমিথ্যা জানিনা।
শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা বলেন, ওই গ্রামে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে একটু হাতাহাতি হয়েছে। তেমন কিছু হয়নি। এই ঘটনায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নিব।
news@26banglatv.com