সারা বাংলা খুলনা ঝিনাইদহ
ঝিনাইদহের কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবাসহ দৈনিক ইনকিলাব সাংবাদিক পরিচয় দানকারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
২৬ বাংলা টিভি 25-Sep-2026 24
ঝিনাইদহের কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবাসহ দৈনিক ইনকিলাব সাংবাদিক পরিচয় দানকারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৯ পিস ইয়াবা ট্যাবলেট ও ১১ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় সাংবাদিক পরিচয়দানকারী আব্দুল্লাহ বাসার ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে কোটচাঁদপুর থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় আব্দুল্লাহ বাসারের সহযোগী হিসেবে পরিচিত এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৩৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি দাবি করেন, তিনি কোটচাঁদপুরের সাংবাদিক আব্দুল্লাহ বাসারের কাছ থেকে ওই ইয়াবা সংগ্রহ করেছেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে আব্দুল্লাহ বাসারকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
এদিকে স্থানীয়ভাবে আব্দুল্লাহ বাসারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ইয়াবা কেনাবেচা ও সেবনের অভিযোগ রয়েছে বলে জানা গেছে। তবে এসব অভিযোগের বিষয়ে তার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল্লাহ বাসার নিজেকে কোটচাঁদপুরের একটি প্রেসক্লাবের সভাপতি দৈনিক ইনকিলাব পত্রিকার কোটচাঁদপুর উপজেলা প্রতিনিধি হিসেবে পরিচয় দিয়ে আসছেন বলে জানা গেছে। সাংবাদিকতার আড়ালে সীমান্ত অঞ্চলে মাদক ব্যবসা সিন্ডিকেটের সাথে জড়িত তার বিরুদ্ধে কোটচাঁদপুর থানায় চারটি মাদক মামলা রয়েছে বলে জানা গেছে
কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বলেন, পুলিশের বিশেষ অভিযানে ৩৯ পিস ইয়াবা ট্যাবলেট ও ১১ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সাংবাদিক হিসেবে পরিচিত আব্দুল্লাহ বাসার ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে এর আগে আরও চারটি মাদক মামলা রয়েছে বলেও জানান তিনি।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
news@26banglatv.com