সারা বাংলা খুলনা নড়াইল
নড়াইলে টিউবওয়েলের পানি ফেলা নিয়ে বিরোধ: প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত, নারীসহ গ্রেপ্তার
২৬ বাংলা টিভি 02-Sep-2026 16
নড়াইলে টিউবওয়েলের পানি ফেলা নিয়ে বিরোধ: প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত, নারীসহ গ্রেপ্তার
নড়াইল প্রতিনিধি: নড়াইল সদর উপজেলার আগদিয়া গ্রামে টিউবওয়েলের ব্যবহৃত পানি ফেলা নিয়ে সামান্য বাকবিতণ্ডার জেরে প্রতিপক্ষের নির্মম হামলায় সাইফুল বিশ্বাস (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নারীসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে নড়াইল জেলা হাসপাতাল মর্গে নিহতের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়। এর আগে গত মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মারা যান সাইফুল বিশ্বাস।
খবর পেয়ে নড়াইল সদর থানা পুলিশ বুধবার ভোরে আগদিয়া গ্রামে অভিযান চালিয়ে ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন একই গ্রামের অভিযুক্ত আজমল বিশ্বাস, খাদিজা বেগম, হুসনেয়ারা বেগম, রানী খাতুন ও জেসমিন নাহার।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিবেশী আজমল বিশ্বাসের টিউবওয়েলের ব্যবহৃত ময়লা পানি দীর্ঘদিন ধরে সাইফুল বিশ্বাসের উঠোন ও বসতবাড়িতে গিয়ে পড়ছিল। এ নিয়ে গত মঙ্গলবার ভোরবেলায় সাইফুল বিশ্বাসের সঙ্গে আজমল বিশ্বাসের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে আজমল বিশ্বাস ও তার পরিবারের লোকজন লাঠিসোঁটা নিয়ে সাইফুল বিশ্বাসের ওপর হামলা চালায় এবং তাকে এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর আহত করে।
স্থানীয়রা আহত সাইফুল বিশ্বাসকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করেন। তবে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটলে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের (রেফার) পরামর্শ দেন। পরে মঙ্গলবার রাতে অ্যাম্বুলেন্সযোগে ঢাকায় নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নড়াইল সদর থানার পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুন্ডু জানান, এ ঘটনায় নিহত সাইফুল বিশ্বাসের স্ত্রী লাভলী বেগম বাদী হয়ে ১০ জনকে আসামি করে নড়াইল সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলার পরপরই অভিযান চালিয়ে এজাহারনামীয় পাঁচ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
news@26banglatv.com